তৃণমূল থেকে মমতা-অভিষেককে সরিয়ে দিল বিদ্রোহীরা

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে বিদ্রোহীরা।
সোমবার (২২ জুন) রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শেষে কলকাতার একটি অভিজাত পাঁচতারা হোটেলে এক জরুরি সাংগঠনিক বৈঠকে বসেন দলের বিদ্রোহী বিধায়কেরা। সেখান থেকে মমতাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি অভিষেককে দল থেকে বরখাস্ত করার চূড়ান্ত ঘোষণা দেয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘তৃণমূল’।
বিদ্রোহী শিবিরের এই বৈঠকে সর্বভারতীয় কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে দলের প্রবীণ নেতা ও মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। এ ছাড়া দলের নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও রথীন ঘোষ এবং কোষাধ্যক্ষ হিসেবে আখরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সর্বশেষ তথ্যে জানা গেছে।
সোমবার বিকেলে পাঁচতারা হোটেলে বিদ্রোহীদের এ বৈঠক শুরু হয় এবং সন্ধ্যার দিকে এ সিদ্ধান্তের খবর সামনে আসে।
তবে রাজনৈতিক মহলে বৈঠকের মূল ব্যানারের ছবি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর ব্যানার ও দলীয় জোড়াফুল প্রতীক ব্যবহার করা হলেও সেখানে ছিল না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি। পরিবর্তে ব্যানারে স্থান পেয়েছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর ছবি।
সোমবার দুপুরের পর থেকে বিদ্রোহীদের পক্ষ থেকে প্রকাশ্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, আজ বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মূলত এই পদক্ষেপ নেওয়ার আগে তারা সব ধরনের আইনি পরামর্শ ও প্রস্তুতি সেরে রেখেছিলেন বলে সূত্রের বরাতে জানা গেছে।
এদিন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের পাশাপাশি কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক সাবেক কাউন্সিলরও হাজির হন। রীতিমতো বাসে করে দল বেঁধে তারা শহরের ওই পাঁচতারা হোটেলে এসে বৈঠকে যোগ দেন।






