Advertisement

বাব আল-মান্দেবে হুতিদের হামলায় নিহত ৬, হরমুজে জাহাজে মার্কিন হামলা

রয়টার্স
বাব আল-মান্দেবে হুতিদের হামলায় নিহত ৬, হরমুজে জাহাজে মার্কিন হামলা
ছবি: সংগৃহীত

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। উদ্ধারকাজে যাওয়া আরও দুই ব্যক্তিও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের কর্তৃপক্ষ। একই দিনে ওমান উপসাগরে ইরানের বন্দরের দিকে যাওয়া একটি কনটেইনার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

Advertisement

মঙ্গলবার বাব আল-মান্দেব প্রণালিতে হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, মিসরের মালিকানাধীন তিহামাহ নামের ছোট পণ্যবাহী জাহাজটিতে হুতিদের হামলায় তিন পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাবিক নিহত হয়েছেন। হামলার পর জাহাজটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে, হামলার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে হুতিরা আবারও হামলা চালায়। এতে হুতিবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) দুই উদ্ধারকারী নিহত হন।

এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে জাহাজটির সাত নাবিক, কোস্টগার্ডের দুই সদস্য এবং এনআরএফের একজন সদস্য রয়েছেন।

ইয়েমেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর জাহাজ চলাচলে হুতিদের হামলায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা হতে পারে।

পরে হুতিরা দাবি করে, বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে তারা হামলা চালিয়েছে। তবে জাহাজটির নাম জানায়নি তারা।

ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার প্রণালিতে একটি ঘটনার কথা জানিয়ে বলেছে, একটি জাহাজ অজ্ঞাত কোনো বস্তু দিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে।

রয়টার্স উপগ্রহচিত্র ও জাহাজের আগের ছবি বিশ্লেষণ করে হামলার শিকার জাহাজটি তিহামাহ বলে নিশ্চিত করেছে। জাহাজটির ডেক ও মাস্তুলের আকৃতির সঙ্গে পুরোনো ছবির মিল পাওয়া গেছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, ১১ আগস্ট ইয়েমেনের মুরাদ এলাকার কাছে তিহামাহকে দেখা যায়। ইয়েমেনের কোস্টগার্ডের দুটি সূত্র ও সরকারের দুই সামরিক কর্মকর্তা জাহাজটিতে হুতিদের হামলার তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রিও হামলার কথা জানিয়েছে।

অ্যামব্রির তথ্য অনুযায়ী, ইয়েমেনের পেরিম দ্বীপের উত্তর-পূর্বে নোঙর করে থাকা অবস্থায় জাহাজটিতে হামলা হয়।

ওমান উপসাগরে মার্কিন হামলা

অন্যদিকে পৃথক ঘটনায় ওমান উপসাগরে ইরানের একটি বন্দরের দিকে যাওয়া পানামার পতাকাবাহী কনটেইনার জাহাজ ভেলা নোভাতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটির নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা বন্ধ করতে বারবার সতর্ক করা হয়েছিল। সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে মার্কিন বাহিনী হামলা চালায়। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায়।

এপ্রিল মাসে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ ঘোষণার পর থেকে মার্কিন বাহিনীর হামলার শিকার হওয়া এটি ১২তম জাহাজ। ১৪ জুলাই অবরোধ পুনর্বহালের পর এটি তৃতীয় হামলা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরানের জ্যেষ্ঠ উপদেষ্টা চার্লি ব্রাউন জানান, ভেলা নোভা সম্প্রতি ভারতের মুম্বাই ও মালয়েশিয়ার পোর্ট ক্লাংয়ে নোঙর করেছিল। এসব বন্দরে ইরান-সংশ্লিষ্ট জাহাজও দেখা গেছে।

ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭১ নটিক্যাল মাইল বা ১৩১ কিলোমিটার দূরে জাহাজটিতে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কমেছে জাহাজ চলাচল

হুতিদের হামলার কারণে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল আগের তুলনায় অর্ধেকেরও বেশি কমে গেছে।

জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, হুতিরা গত মাসে নতুন করে অবরোধ ঘোষণা করার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩২টি জাহাজ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচল করেছে। অবরোধের আগে এই সংখ্যা ছিল গড়ে ৫০টি।

তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও ব্যাপকভাবে কমেছে। সোমবার মাত্র ছয়টি জাহাজ এই জলপথ দিয়ে গেছে। আগের ১০ দিনের গড় ছিল প্রায় ১১টি। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করত।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মিসরীয় কোম্পানিগুলো তিহামাহ জাহাজটির মালিক ও ব্যবস্থাপক হিসেবে তালিকাভুক্ত রয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।