logo

হরমুজ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়ালে

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। এই জলপথ দিয়ে জ্বালানি বহনকারী কোনো জাহাজ অতিক্রম করতে এখন থেকে ইরানি মুদ্রায় (রিয়াল) টোল পরিশোধ করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজি বাবাই।

রোববার (১২ এপ্রিল) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ হাজি বাবাইকে উদ্ধৃত করে জানিয়েছে, এই প্রণালি তেহরানের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার পাকিস্তানে ইরানের সঙ্গে আলোচনার পর আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হরমুজ প্রণালি নিয়ে কোনো মন্তব্য করেননি।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সাধারণত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করে। কিন্তু যুদ্ধবিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ এই জলপথ বিষয়টিও অমীমাংসিত রয়ে গেছে। অথচ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মূল অংশ ছিল এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করা।

পাকিস্তানে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর হাজি বাবাই বলেছেন, এই প্রণালি এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং অবশ্যই ইরানি মুদ্রায় টোল পরিশোধ করতে হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে জোর দিয়ে বলেছেন, এই প্রণালি শিগগিরই উন্মুক্ত হবে।

ইউএস সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) শনিবার জানিয়েছে, জলপথটি সমুদ্র মাইন মুক্ত করার একটি বৃহত্তর মিশনের অংশ হিসেবে দুটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ইরান এই দাবি অস্বীকার করেছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড কর্পমস (আইআরজিসি) বলেছে, শত্রুপক্ষের কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে।