‘আমাকে আল্লাহ পাঠিয়েছেন’, তিন নারীকে ছুরিকাঘাতের পর হামলাকারী

প্যারিসের একটি ব্যস্ত সড়কে প্রকাশ্যে দুই হাতে দুটি ছুরি নিয়ে তিন নারীর ওপর হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। পরে পথচারী ও ছুটিতে থাকা এক পুলিশ কর্মকর্তার সাহসিকতায় হাতেনাতে আটক করা হয় তাকে। আটকের পর হামলাকারী বলেন, ‘আল্লাহ আমাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন’।
সোমবার (২৭ জুলাই) ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রকাশ্যে দিনদুপুরে চাঞ্চল্যকর এই হামলাটি ঘটে। হামলার ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস সাংবাদিকদের জানান, হামলাকারী ব্যক্তিটি দুটি ধারালো ছুরি নিয়ে ১৯, ২৪ ও ৩৬ বছর বয়সি তিন নারীকে লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালায়। ঘটনার সময় সেখানে উপস্থিত এক সাহসী পুলিশ কর্মকর্তা পথচারীদের সহায়তায় আক্রমণকারীকে দ্রুত আটক করেন।তবে ওই পুলিশ কর্মকর্তা সেসময় দায়িত্বরত ছিলেন না।
ঘটনার পরপরই আহত তিন নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও সংবাদ সংস্থা রয়টার্স কর্তৃক যাচাইকৃত ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ক্রিম রঙের ট্র্যাকস্যুট পরিহিত এক তরুণ দুই হাতে বড় ছুরি নিয়ে এক তরুণীকে ধারাবাহিকভাবে ছুরিকাঘাতের চেষ্টা করছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, পথচারীদের প্রচেষ্টায় হামলাকারী ব্যক্তি মাটিতে পড়ে গেলে তাকে আটক করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ২৬ বছর বয়সি মোহাম্মদ-আলি বুহাদজার ঘটনার বর্ণনা দিয়ে রয়টার্সকে বলেন, ‘লোকটিকে এক নারীর পিঠে ছুরি মারতে দেখে আমি সবাইকে চিৎকার করে তাকে থামানোর আহ্বান জানাই। মুহূর্তে বেশ কয়েকজন সাহসী পথচারী এগিয়ে আসেন। একজন তাকে লক্ষ্য করে সুটকেস ছুড়ে মারলে তার হাত থেকে ছুরিগুলো পড়ে যায়। ঠিক তখনই আমরা তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে চেপে ধরি।’
আটক করার সময় হামলাকারীকে ধর্মীয় মন্তব্য করতে শোনা গেছে। ভিডিও ফুটেজে মাটিতে শুয়ে থাকা অভিযুক্ত ব্যক্তিটিকে বলতে শোনা যায়, ‘আল্লাহই আমাকে এই নির্দেশ দিয়েছেন।’
আটক ব্যক্তির পরিচয় ও আক্রমণের প্রকৃত উদ্দেশ্য এখনও অস্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস জানিয়েছেন, গ্রেপ্তারের পর অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে চরম অসংলগ্ন ও অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে পারেনি।
প্যারিস কর্তৃপক্ষ এই হামলাকে এখনই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করেনি। তবে ফরাসি জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ও আইনি মূল্যায়নের পর আনুষ্ঠানিক তদন্তভার গ্রহণ করা হবে।
জার্মানির বার্লিনে সমকামীদের ‘প্রাইড প্যারেড’-এ এক ব্যক্তির গাড়ি চাপায় ১ নারী নিহত ও ২৯ জন আহত হওয়ার মাত্র দুদিনের মাথায় প্যারিসের বুকে এই হামলার ঘটনাটি ঘটল।
.png)





