logo

যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তে ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ

যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তে ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে কার্যকর হওয়ার ঠিক আগে লেবানন থেকে উত্তর ইসরায়েলে রকেট হামলা চালানো হলে সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, নাহারিয়ায় রকেট আঘাতের ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নাহারিয়া ও কারমিয়েল লক্ষ্য করে হামলার পর লেবানন থেকে আরও বড় আকারের আক্রমণের সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আপাতত বেসামরিক নিরাপত্তা নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে, নাহারিয়া ছাড়াও ইভরন, লিমান, শ্লোমি ও গেশের হাজিভসহ আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এমডিএ জানায়, কারমিয়েল ও মাজদ আল-ক্রুম এলাকায় রকেটের আঘাতের স্থানগুলোতে উদ্ধারকারী দল পাঠানো হয়। সেখানে কয়েকজন আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরবর্তীতে সংস্থাটি জানায়, কারমিয়েলের কাছে রকেট হামলায় ২০ বছর বয়সী এক যুবক ও ১৭ বছর বয়সী এক কিশোরী গুরুতর আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই যুবক মোটরসাইকেলে ছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তীব্র আতঙ্কজনিত সমস্যার জন্য আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে ছোড়া অন্তত ১০টি রকেট ছোড়া হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় দুই ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে।

আইডিএফয়ের আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসামরিক নাগরিকদের লেবাননের লিতানি নদীর দক্ষিণে চলাচল থেকে বিরত থাকার জন্য জরুরি সতর্কতা জারি করেন।

অন্যদিকে লেবাননের সেনাবাহিনী দেশটির নাগরিকদের দক্ষিণ লেবাননের ইসরায়েল অধিকৃত এলাকা এড়িয়ে চলার সতর্কতা জারি করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হিজবুল্লাহর চলমান কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য সৈন্যরা তাদের অবস্থান বজায় রাখছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক ঘণ্টা পরেও ইসরায়েলি কামান দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ১০ কিলোমিটার বিস্তৃত একটি বাফার জোনে ইসরায়েলি সেনা অবস্থান অব্যাহত রাখবে। তবে এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ বলেছে, এ সিদ্ধান্ত লেবাননের জনগণের প্রতিরোধের অধিকারকে বৈধতা দেয়।

এদিকে তেল আবিবের হাবিমা স্কয়ারে শত শত ইহুদি ও আরব নাগরিক পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ২৯ জন নিহত এবং আরও ১২৪ জন আহত হয়েছেন।

এছাড়াও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। যাদের মধ্যে দুই ভাই রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তেহরান যদি সমঝোতায় না আসে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত। তবে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ মার্কিন প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে একটি প্রস্তাব অল্প ব্যবধানে নাকচ করেছে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ সতর্ক করে জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে তেল সরবরাহ বিঘ্নিত থাকলে ইউরোপে মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুত রয়েছে, যা দ্রুত ফুরিয়ে যেতে পারে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের কারণে ১৪টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।