logo

যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজ দ্রুত ফেরত চাইল ইরান

যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজ দ্রুত ফেরত চাইল ইরান

ওমান উপসাগরে ইরানি মালবাহী জাহাজ তুসকা জব্দ করেছে রেখেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। শান্তি আলোচনার আগে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। জাহাজ, নাবিক, ক্রু এবং তাদের পরিবারদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান সরকার। 

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) ওমান উপসাগরে তাদের নৌ-অবরোধ না মেনে অতিক্রম করার চেষ্টা করায় ইরানি জাহাজটি জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। এ সময় ইরানের পতাকাবাহী জাহাজটিতে গুলিও চালানো হয়। সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটি লক্ষ্য করে গুলি ছুড়ছে এবং মেরিন সেনারা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে জাহাজটির ডেকে নামছে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই জাহাজ জব্দের ঘটনাকে ‘অত্যন্ত বিপজ্জনক এবং অপরাধমূলক’ বলে অভিহিত করেছে। দ্রুতই এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই যে, ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষা এবং নাগরিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বশক্তি নিয়োগ করবে। এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে।

জাহাজটিতে কতজন লোক ছিল এবং তারা ইরানি কি না তা এখনও অস্পষ্ট। ক্রুদের জাতীয়তা এবং জাহাজের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে সংবাদমাধ্যম সিএনএন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যোগাযোগ করেছে।