logo

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, দায় অস্বীকার ইরানের

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, দায় অস্বীকার ইরানের
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ছবি: মিডলইস্ট আই

কুয়েতের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত দুজনই জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কারিগরি কর্মী ছিলেন। হামলার জন্য ইরানকে দায়ী করেছে কুয়েত ও ইতালি। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা কয়েকটি ড্রোন শনাক্ত ও প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হন। তাঁদের মধ্যে দুই ইতালীয় নাগরিক ছাড়াও একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক ছিলেন। পরে আহত দুই ইতালীয় প্রযুক্তিবিদের মৃত্যু হয়।

Advertisement

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই ব্যক্তি রাইনমেটালের কর্মী ছিলেন। তারা কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কারিগরি সহায়তা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন।

কুয়েতের সেনাবাহিনী ঘটনাটিকে দেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের হামলা হিসেবে বর্ণনা করেছে। তবে হামলার প্রকৃত পরিস্থিতি নিয়ে দুই দেশের বক্তব্যে রয়েছে স্পষ্ট মতপার্থক্য।

হামলার দায় অস্বীকার ইরানের

হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার কুয়েত ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরাগচি ঘটনাটিকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে বলেন, এটি ‘যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি করা কোনো পরিকল্পনার মতো’। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কুয়েত ও ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেখারচি বলেন, ইরান কোনো সামরিক বা আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেনি।

অন্যদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাথমিক তদন্তে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি বলে ধারণা পাওয়া গেছে। এ অঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি।

নিহত দুই প্রযুক্তিবিদ রাইনমেটালের কর্মী

দুই কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জার্মানির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কারিগরি সহায়তা দেওয়ার সময় তাদের দুই কর্মী প্রাণ হারিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মীরা তাদের সহকর্মীদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’

ইতালির সংবাদ সংস্থা আনসার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুই প্রযুক্তিবিদ কুয়েতের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। তাঁদের একজনের বয়স ৩৬ এবং অন্যজনের বয়স ৬৫ বছর বলে ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৬৫ বছর বয়সী ব্যক্তি অবসরের কাছাকাছি ছিলেন।

শোক প্রকাশ মেলোনি ও ইউরোপীয় কমিশনের

দুই ইতালীয় নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘আমার নিজের এবং সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হামলায় ক্ষতিগ্রস্ত সবাই এবং তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা রয়েছে।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের এ ধরনের হামলা বন্ধ করতে তেহরানের ওপর চাপ বাড়াতে হবে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইউরোপের নিরাপত্তার সঙ্গেও জড়িত বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

কুয়েতে সর্বশেষ প্রাণঘাতী হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থা বিরাজ করছে।

এর এক সপ্তাহের কিছু বেশি সময় আগে কুয়েত জানিয়েছিল, দেশটির একটি বিমানঘাঁটিতে রাতভর চালানো ইরানি ড্রোন হামলা প্রতিহত করেছে তারা। ওই ঘাঁটিতে মার্কিন সেনাসদস্যরাও অবস্থান করেন। দুই মাসের বেশি সময় পর সেটিই ছিল কুয়েতে প্রথম এ ধরনের হামলার ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে চলমান সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক স্থাপনা ও সেনাসদস্য রয়েছে, সেসব লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং আলোচনায় অচলাবস্থার কারণে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়ছে।

কুয়েতের সর্বশেষ হামলার প্রকৃত পরিস্থিতি এবং এর পেছনে কারা জড়িত, তা নিয়ে ইরান ও সংশ্লিষ্ট দেশগুলোর বক্তব্যে এখনো মতপার্থক্য রয়েছে। ফলে ঘটনার তদন্ত এবং সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক অবস্থান আঞ্চলিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট