ইসরায়েলের বৃহত্তম বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা করেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল তেলআবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর, যা ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্রগুলোর একটি।
তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কি না, সে সম্পর্কেও এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তথ্য আলজাজিরা
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যেই এই হামলা চালানো হয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুরসহ অন্তত ৪৮ শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
জবাবে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। খামেনিকে হত্যার পর গত রোববার থেকে হামলার তীব্রতা ব্যাপকভাবে বাড়িয়েছে তেহরান। সৌদি আবর, কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি দেশে হামলা চালিয়েছে ইরান।
গত বছরের ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। সে সময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। ১২ দিনের সংঘাত শেষে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছায়। সেই সংঘাতই ভিত গড়ে দেয় এবারের যুদ্ধের।