যুদ্ধে ইরানের অবকাঠামোগত ক্ষতি কমাতে চাচ্ছেন ট্রাম্প!

যুদ্ধের সময় ইরানের অবকাঠামোগত ক্ষতি কমাতে চাচ্ছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকা ইরানের অবকাঠামোর ব্যাপক ক্ষতি এড়াতে চেষ্টা করছে।
সোমবার (১৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
মার্কিন গণমাধ্যম পিবিএসকে ট্রাম্প বলেন, (যুদ্ধের সময়) আমি তেহরানে অনেক অবকাঠামো অক্ষত রেখে এসেছি। কারণ, ওই অবকাঠামোগুলো হামলা করে ধ্বংস করা হলে তা নির্মাণে অনেক সময় লাগবে।
তিনি বলেন, আমি চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো এক ঘণ্টার মধ্যে ভেঙে ফেলতে পারি। কিন্তু, আমি এগুলো ধ্বংস করলে, তা পুনর্নির্মাণ করতে বেশ কয়েক বছর লাগবে। এটা এক ধরনের যন্ত্রণা। তাই আমি এসব অবকাঠামোর কোনো ক্ষতি করিনি।
অপরদিকে ইরান জানিয়েছে, ট্রাম্প যদি ইরানের বৈদ্যুতিক কেন্দ্র বা বৈদ্যুতিক গ্রিডে আক্রমণ করে, তাহলে পুরো (মধ্যপ্রাচ্য) অঞ্চলকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, কয়েক দিন আগে ইরানের খার্গ দ্বীপে আক্রমণ করার সময় মার্কিন বাহিনী তেলের পাইপগুলোতে হামলা করেনি। কারণ, এগুলো নির্মাণে অনেক বছর ধরে কাজ করতে হয়েছে।
অপরদিকে ইরান জানিয়েছে, মার্কিন এবং ইসরায়েলি হামলায় দেশটির আবাসিক ভবন, স্কুল এবং হাসপাতালসহ বেসামরিক স্থানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।