logo

ভারতে প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডবে ৩৩ জনের মৃত্যু

ভারতে প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডবে ৩৩ জনের মৃত্যু
তীব্র বাতাসে গাছ উপড়ে পড়েছে চলন্ত গাড়ির উপর। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাজ্যের পাঁচটি জেলা—ভাদোহি, ফতেহপুর, বুদাউন, চন্দৌলি এবং সোনভদ্রে ঝড়ের তাণ্ডবে অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছ ও বিদ্যুতের খুঁটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভাদোহি জেলায়। ঝড়ের কবলে পড়ে ওই জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ফতেহপুরে নয়জন, বুদাউনে পাঁচজন, চন্দৌলিতে দুইজন এবং সোনভদ্রে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্যোগে গভীর শোক প্রকাশ করেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি সরকারি কাজে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে ঝড়ের কারণে রাজ্যে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন জেলা কর্মকর্তারা।

স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট ও কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষদের দ্রুত বিমা ও সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।