logo

ইসরায়েলে মিলছে না সরকার গঠনের অংক, অনিশ্চয়তায় নেতানিয়াহুর ভবিষ্যৎ

ইসরায়েলে মিলছে না সরকার গঠনের অংক, অনিশ্চয়তায় নেতানিয়াহুর ভবিষ্যৎ
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট এবং বিরোধী দলগুলোর জোট। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। নির্বাচনের ফলাফল বুধবার আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার কথা থাকলেও সরকার গঠনের সমীকরণ এখনো মেলেনি। এতে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।

বাকি ১৯টি আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন দুটি রাজনৈতিক জোট; জয়েন্ট লিস্ট এবং রা'আম বা ইউনাইটেড আরব লিস্ট। নির্বাচনে আরব দল দুটি তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পেয়েছে। তবে নির্বাচনে ভালো ফল করলেও সরকার গঠনের আলোচনায় তারা এখনো রাজনৈতিকভাবে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সরকার গঠনে জটিল সমীকরণ

বিরোধী দলগুলোর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ইয়াইর লাপিদ, বামপন্থী নেতা ইয়াইর গোলান এবং ডানপন্থী নেতা আভিগদর লিবারম্যানের দলও রয়েছে। তবে আরব দলগুলোর সমর্থন নেওয়া হবে কি না, তা নিয়ে বিরোধী জোটের মধ্যেই মতপার্থক্য রয়েছে।

মঙ্গলবার বৈঠকের পর বিরোধী নেতারা এক বিবৃতিতে জানান, নেতানিয়াহুর সরকারকে সরিয়ে জাতীয় জরুরি সরকার গঠনের উদ্যোগ নেওয়া হবে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার প্রতিফলন ঘটিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

তবে কীভাবে প্রয়োজনীয় ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করা হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা জানানো হয়নি। বিরোধীদের সামনে মূলত দুটি পথ রয়েছে; আরব দলগুলোর সমর্থন নেওয়া অথবা নেতানিয়াহুর সঙ্গে থাকা অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর কোনো একটিকে নিজেদের পক্ষে আনা।

ইসরায়েলি নির্বাচনী বিশ্লেষক মিচেল বারাকের মতে, উভয় পক্ষই সরকার গঠনের পথে রয়েছে, আবার একই সঙ্গে কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারছে না।

আরব দলগুলোর সমর্থন নিয়ে বিতর্ক

নির্বাচনে আরব দলগুলোর অভাবনীয় সাফল্যের পর তাদের ভোট কারচুপি ও বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে প্রভাবিত হয়েছে বলে অভিযোগ তুলেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে এসব অভিযোগ পুলিশ তদন্ত করে ভিত্তিহীন বলে নাকচ করেছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের একটি পৃথক তদন্ত এখনো চলমান।

আরব দলগুলোর সমর্থন নেওয়ার বিষয়টি বিরোধী জোটের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর। যদিও ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন সরকারে রা'আম দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে সময় প্রথমবারের মতো একটি স্বাধীন আরব দল আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সরকারে অংশ নেয়।

প্রেসিডেন্ট হারজগের হাতে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত

নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন হওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করবেন। এরপর তিনি পার্লামেন্টের এমন একজন সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যিনি সংখ্যাগরিষ্ঠের সমর্থন আদায়ে সক্ষম বলে বিবেচিত হবেন।

প্রাথমিকভাবে সরকার গঠনের দায়িত্ব পাওয়া ব্যক্তি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারবেন। গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়া হলে তার সামনে আরব দলগুলোর সমর্থন আদায়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এদিকে নেতানিয়াহু দাবি করেছেন, তার দল লিকুদ ২৭টি আসন পেয়ে নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে। তাই পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়ার অধিকার তারই রয়েছে। তিনি অন্য দলগুলোকেও সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা তিনি বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তার সামনে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে।

অতি-ধর্মীয় দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ

সরকার গঠনের সমীকরণে অতি-ধর্মীয় ইহুদি দল শাস (Shas) এবং ইউনাইটেড তোরাহ জুডাইজমের (UTJ) অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সামরিক বাহিনীতে অতি-ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আইন পাস করতে ব্যর্থ হওয়ায় এর আগে নেতানিয়াহুর জোট থেকে সমর্থন প্রত্যাহার করেছিল দল দুটি। তাদের অবস্থান পরিবর্তন হলে সরকার গঠনের হিসাবেও বড় পরিবর্তন আসতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক নিমরোদ ফ্লাশেনবার্গের মতে, ইউনাইটেড তোরাহ জুডাইজমের একটি অংশ নেতানিয়াহুর জোট ছেড়ে আইজেনকটের দিকে যেতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এমনটি ঘটলেও শুধু তাদের সমর্থনে বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে না। সে ক্ষেত্রে অন্তত একটি আরব দলের সমর্থন প্রয়োজন হতে পারে।

নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা নিয়েও আলোচনা

সরকার গঠনের রাজনৈতিক জটিলতার পাশাপাশি নেতানিয়াহুর চলমান দুর্নীতি মামলাও আলোচনায় রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে চলা এই মামলায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

ফলে হারজগকে একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে; কে সরকার গঠনের প্রথম সুযোগ পাবেন এবং নেতানিয়াহুর ক্ষমার আবেদন কীভাবে বিবেচনা করা হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের রাজনীতিও প্রভাব ফেলতে পারে

ইসরায়েলের সরকার গঠনের আলোচনা শুধু অভ্যন্তরীণ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কাও পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে রয়েছে। নির্বাচনে রিপাবলিকানদের অবস্থান দুর্বল হলে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের রাজনৈতিক সমর্থন ও নীতিতে কী প্রভাব পড়ে, তা নিয়েও আলোচনা রয়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানকে ঘিরে উত্তেজনা নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ গবেষক ইয়োসি মেকেলবার্গের মতে, বর্তমান আসনসংখ্যার হিসাবে নেতানিয়াহুর পক্ষে সরকার গঠন করা কঠিন। তবে ইরানকে কেন্দ্র করে জরুরি নিরাপত্তা পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। এমন পরিস্থিতিতে বিরোধী দলগুলোকে জাতীয় নিরাপত্তার স্বার্থে নেতানিয়াহুর নেতৃত্বে একত্র হওয়ার আহ্বান জানানো হতে পারে।

১০ নভেম্বর শপথ নেবে নতুন পার্লামেন্ট

সব রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। তবে এর আগেই সরকার গঠনের বিষয়ে সমঝোতা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বিশ্লেষকদের মতে, আরব দলগুলোর সঙ্গে বিরোধীদের সমঝোতা, অতি-ধর্মীয় দলগুলোর অবস্থান পরিবর্তন কিংবা নতুন কোনো জাতীয় ঐক্য সরকার; এই তিনটি বিষয়ই ইসরায়েলের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সব মিলিয়ে নির্বাচনে কোনো পক্ষের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত নেতানিয়াহু ক্ষমতায় থাকতে পারবেন, নাকি বিরোধী জোট নতুন সরকার গঠন করবে, তা নির্ভর করছে আগামী দিনগুলোর রাজনৈতিক দর-কষাকষির ওপর।