logo

ইরান যোগাযোগ করেছে, ‘খুব মরিয়া হয়ে’ চুক্তি করতে চায়, দাবি ট্রাম্পের

ইরান যোগাযোগ করেছে, ‘খুব মরিয়া হয়ে’ চুক্তি করতে চায়, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেছেন, পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তেহরান ‘খুব মরিয়া হয়ে’ ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে চায়।

চলমান অচলাবস্থা কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মূল বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এমন কোনো চুক্তি করা হবে না, যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ করে দেয়।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা অনেক বিষয়ে একমত হয়েছি।’ তবে ইরানের পারমাণবিক সক্ষমতা সংক্রান্ত বিষয়ে একমত হওয়া যায়নি বলে ইঙ্গিত দেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, ট্রাম্প দাবি করে বলেছেন, ইরান ‘আজ সকালে ফোন করেছিল’ এবং ‘তারা একটি চুক্তিতে আসতে চায়।’

গত শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ইসলামাবাদে আলোচনায় বসে। প্রায় ২১ ঘণ্টা আলোচনা শেষে রোববার সকালে কোনো সমঝোতা ছাড়াই এই বৈঠক শেষ হয়। এরপর আজ ইরানের সব বন্দর অবরোধ করল যুক্তরাষ্ট্র।

এদিকে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের বন্দরগুলো অবরোধ করেছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে এ অবরোধ শুরু হয়।

অবরোধ কার্যকর হওয়ায় ইরানি জাহাজগুলোকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, 'উপসাগরে আমাদের অবরোধের কাছাকাছি যদি ইরানের কোনো একটি জাহাজও আসে, তবে আমরা তৎক্ষণাৎ সেটি শেষ করে দেব।'

তবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, ইরান হুমকির মুখে 'নতি স্বীকার করবে না'।

পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে মার্কিন নৌবাহিনী 'বাধা সৃষ্টি করবে না'।

সূত্র: আল জাজিরা, গার্ডিয়ান