সৌদিতে ইরানের হামলায় ৫ মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত

সৌদি আরবে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্তত পাঁচটি রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৩ মার্চ) দুই মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় মার্কিন বিমানগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বিমানগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও একেবারে ধ্বংস হয়ে যায়নি।
এর আগে বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে কেসি-১৩৫ মডেলের একটি মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়। এ সময় বিমানে থাকা ছয় ক্রু নিহত হন। শুক্রবার প্রথমে চারজন ও পরে ছয়জনের নিহতের খবর নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম জানিয়েছে, দুর্ঘটনার পেছনে শত্রু পক্ষের হামলার কোনো চিহ্ন পায়নি তারা। এ ছাড়া বিমানের ত্রুটির কারণেও এই দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।
তবে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্রগোষ্ঠী (আইআরআই) এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, বিমানটি গুলি করে তারা ভূপাতিত করেছে। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।