logo

আইআরজিসির নৌপ্রধান তাংসিরির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

আইআরজিসির নৌপ্রধান তাংসিরির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল চার দিন আগে তাকে লক্ষ্যবস্তু করার দাবি করার পর সোমবার (৩০ মার্চ) তেহরান এই ঘোষণা দিল।

আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, তাংসিরি দ্বীপ ও উপকূলীয় অঞ্চলের প্রতিরক্ষা শক্তিশালী করার কাজে নিয়োজিত ছিলেন। তিনি হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, গত কয়েকদিন কমান্ডারের অনুপস্থিতি সত্ত্বেও আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালিতে তাদের চূড়ান্ত নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং শত্রুকে ধ্বংস করার মতো আঘাত হেনেছে। আইআরজিসি অঙ্গীকার করেছে যে, শত্রু সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তারা বিশ্রাম নেবে না।

আলিরেজা তাংসিরি ছিলেন আইআরজিসির অন্যতম সিনিয়র কমান্ডার। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল তদারকির দায়িত্বে ছিলেন তিনি। সম্প্রতি তার এক্স অ্যাকাউন্ট থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কোনো জাহাজের এই প্রণালি দিয়ে যাওয়ার অধিকার নেই। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন এবং প্রায়ই আক্রমণাত্মক বিবৃতি দিতেন।

২০১৯ সালে ইরান যখন একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করে, তারপরই মার্কিন অর্থ মন্ত্রণালয় তাংসিরিসহ বেশ কয়েকজন কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।