logo

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না: পেজেশকিয়ান

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না: পেজেশকিয়ান

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র, এই অঞ্চলে অশান্তি বা সন্ত্রাসবাদ কখনও চায়নি এবং বর্তমানেও খুঁজছে না।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনার বরাতে শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইরানের অনড় অবস্থানের কথা উল্লেখ করে পেজেশকিয়ান জোর দিয়ে জানান, তেহরান কখনোই এই অঞ্চলে সন্ত্রাসবাদ বা অশান্তি ছড়াতে চায়নি। বরং আইনি কাঠামোর মধ্যে থেকে নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং শান্তি বজায় রাখাই ইরানের মূল লক্ষ্য।

তিনি বলেন, ইরান তার আদর্শের প্রতি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তেহরানের এই অবস্থান অপর পক্ষকে (যুক্তরাষ্ট্র) স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পেছনে প্রধান অজুহাত ছিল পারমাণবিক ইস্যু। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এক মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়েছে। তবে এই প্রস্তাবের সঙ্গে জানা ব্যক্তিদের মতে, তেহরান তিন থেকে পাঁচ বছরের জন্য কার্যক্রম বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

গত সপ্তাহের শেষের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা শেষপর্যন্ত কোনো ফলাফল ছাড়াই ব্যর্থ হয়েছে। এরপর থেকে যুক্তরাষ্ট্র গত সোমবার থেকে ইরানের সমুদ্র বন্দর ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে।