logo

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ৫৬ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ৫৬ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

চলমান মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৫৬টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। ইরানের হেরিটেজ মন্ত্রণালয়র বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে কমপক্ষে ১৯টি অবস্থিত রাজধানী তেহরানে। এসব ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে রয়েছে গোলেস্তান প্রাসাদ, তেহরান বাজার এবং পুরোনো সিনেট ভবন।

এর আগে জানানো হয়েছিল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের ঐতিহাসিক নিদর্শনসমূহও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নাগশে জাহান স্কোয়ারের ইউনেস্কো স্বীকৃত অংশে অবস্থিত ইমাম শাহ মসজিদের কিছু অংশ হামলায় ধসে পড়েছে। 

এদিকে যুদ্ধের মধ্যে ইরানের অবকাঠামোগত ক্ষতি কমাতে চাচ্ছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকা ইরানের অবকাঠামোর ব্যাপক ক্ষতি এড়াতে চেষ্টা করছে। ট্রাম্প বলেন, ‘আমি তেহরানে অনেক অবকাঠামো অক্ষত রেখে এসেছি। কারণ, ওই অবকাঠামোগুলো হামলা করে ধ্বংস করা হলে তা নির্মাণে অনেক সময় লাগবে।’

তিনি আরো বলেন, ‘আমি চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো এক ঘণ্টার মধ্যে ভেঙে ফেলতে পারি। কিন্তু, আমি এগুলো ধ্বংস করলে, তা পুনর্নির্মাণ করতে বেশ কয়েক বছর লাগবে। এটা এক ধরনের যন্ত্রণা। তাই আমি এসব অবকাঠামোর কোনো ক্ষতি করিনি।’

অপরদিকে ইরান জানিয়েছে, ট্রাম্প যদি ইরানের বৈদ্যুতিক কেন্দ্র বা বৈদ্যুতিক গ্রিডে আক্রমণ করে, তাহলে পুরো (মধ্যপ্রাচ্য) অঞ্চলকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে।