logo

রোজা শুরু হতে আর কতদিন বাকি?

রোজা শুরু হতে আর কতদিন বাকি?

মুসলমানদের কাছে সবচেয়ে বরকতময় মাসগুলোর মধ্যে অন্যতম রমজান। এই মাসকে পবিত্রতম হিসেবে গণ্য করেন ইসলাম ধর্মাবলম্বীরা। বছর ঘুরে রমজান মাস শুরু হতে আর বেশি দিন নেই। চলতি বছরের ফেব্রুয়ারির ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে শুরু হতে পারে পবিত্র রমজান। 

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) ক্যালেন্ডার থেকে এ তথ্য জানা গেছে। হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি। অবশ্য চাঁদ দেখার ওপর তা নির্ভর করছে। এর অর্থ আমরা পবিত্র রমজান মাস থেকে আর মাত্র এক মাস দূরে আছি।

আইএসিএডি মতে, ২০২৬ সালের প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি। দিনটি হবে বৃহস্পতিবার। যদি মাসটি ৩০ দিনের হয়, তবে ১৯ মার্চ হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

 

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা ‘এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির’ তথ্য অনুযায়ী, আগামী বছরগুলোতে রোজা ও ঈদের সময় কিছুটা এগিয়ে আসার ধারা তৈরি হয়েছে। দীর্ঘ সময় পর রমজান মাস ফেব্রুয়ারি মাসে পড়ায় মধ্যপ্রাচ্যসহ এশিয়ার দেশগুলোতে আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে, যা রোজাদারদের জন্য স্বস্তিদায়ক হবে।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থেকে রোজা রাখা হয়। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও দান-সদকার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলিমরা।