ভারতের ২৩ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের

নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত-সমর্থিত ২৩ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তাদের মধ্যে সন্ত্রাসী গোষ্ঠীর একজন কমান্ডারও রয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তারা নিহত হন।
বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, নিরাপত্তা বাহিনী গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়া এলাকার দত্তা খেল, স্পিনওয়াম ও বান্নুতে ধারাবাহিক অভিযান চালিয়ে কমান্ডার জান মীর ওরফে তুর সাকিবসহ ফিতনা আল-খাওয়ারিজের ২৩ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
জিও নিউজ জানিয়েছে, বিবৃতিতে সন্ত্রাসী গোষ্টী ফিতনা আল-খাওয়ারিজকে ভারত-সমর্থিত বলে দাবি করা হয়েছে।
কমান্ডার জান মীর ওরফে তুর সাকিব নিরাপত্তা বাহিনীর কাছে অত্যন্ত দুর্ধর্ষ অপরাধী ছিলেন। নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ বেসামরিক নাগরিক হত্যাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য সরকার তার মাথার দাম ঘোষণা করেছিল।
আইএসপিআর জানায়, মূল হোতা তুর সাকিবের মৃত্যু ‘এসব এলাকায় সক্রিয় খারিজি নেটওয়ার্কগুলোর ওপর একটি বড় আঘাত’। তল্লাশি অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের ব্যবহৃত একাধিক জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কারও আবিষ্কার করে ধ্বংস করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিহত ভারত-সমর্থিত খারিজিদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং প্রস্তুতকৃত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) উদ্ধার করা হয়েছে। তারা ওই এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।’
এসব এলাকায় লুকিয়ে থাকা খারিজিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি পাকিস্তানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী ‘আজম-এ-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় সন্ত্রাসবিরোধী অভিযানও জোরদারভাবে চালিয়ে যাবে, যাতে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি দমন করা যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
