ফ্রান্সের জাদুঘর থেকে অর্ধশত কোটি টাকা মূল্যের অলংকার লুট

এশিয়া পোস্ট ডেস্ক
ফ্রান্সের জাদুঘর থেকে অর্ধশত কোটি টাকা মূল্যের অলংকার লুট
ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিলাসবহুল কাচ ও ক্রিস্টাল নির্মাতা প্রতিষ্ঠান লালিক জাদুঘর থেকে প্রায় ৪০ লাখ ইউরো (প্রায় ৫৬ কোটি ৫০ লাখ টাকা) মূল্যের ক্রিস্টালের অলংকার লুট হয়েছে। মুখোশধারী একদল লোক জাদুঘরে ঢুকে প্রদর্শনী কক্ষ ভেঙে ২০টি মূল্যবান অলংকার নিয়ে পালিয়ে যায়।

সোমবার (৬ জুলাই) ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিজিয়েন–এর বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত জাদুঘরের একটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ছয়টি প্রদর্শনী কাচ ভেঙে ২০টি ক্রিস্টালের অলংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়। চুরি হওয়া গয়নাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ ইউরো।

ঘটনার পর ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের জন্য জাদুঘরটি কয়েক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে।

উইঙ্গেন-সুর-মোদার শহরের মেয়র ক্রিশ্চিয়ান ডরশনার স্থানীয় সংবাদপত্রকে বলেন, চোরেরা সম্ভবত আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। কারণ তারা সরাসরি গয়নার সংগ্রহশালায় গিয়ে হামলা চালায়।

তিনি আরও জানান, জাদুঘরের অ্যালার্ম ব্যবস্থা ঠিকভাবে কাজ করলেও নিরাপত্তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুলিশকে সতর্ক করা হয়নি।

এ ঘটনায় জাদুঘরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রান্সের বাস-রাঁ জেন্ডারমেরির অপরাধ তদন্ত ইউনিটকে।

এর আগে, গত বছরের অক্টোবরে ফ্রান্সের ল্যুভর জাদুঘরে আলোচিত এক ডাকাতির ঘটনায় প্রায় ১০ কোটি ২০ লাখ ডলার মূল্যের মূল্যবান রত্ন চুরি হয়েছিল। ওই ঘটনার পর সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকায় লালিক জাদুঘরকে অন্তর্ভুক্ত করে বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল।