logo

এক মাসেরও বেশি সময়ের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্নে

এক মাসেরও বেশি সময়ের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্নে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম তিন শতাংশের বেশি কমে এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দামের ঊর্ধ্বগতির কারণে সৃষ্ট মূল্যস্ফীতির আশঙ্কা স্বর্ণের দামে এই পতন ঘটায়। 

বুধবার ( ১৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে রয়টার্স। গণমাধ্যমটি জানিয়েছে, স্বর্ণের দাম কমায় এ ধারণা জোরদার হয়েছে যে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার উচ্চ পর্যায়ে রাখবে। দীর্ঘ সময় ধরে তারা এ উচ্চ সুদের হার বজায় রাখতে পারে।

বুধবার সকালে স্বর্ণের দাম ৩.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৮৪৪.২০ ডলারে দাঁড়ায়। যা দিনের শুরুতে ৬ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। 

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ছে, যা মূল্যস্ফীতির ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। এর ফলে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার কমাতে পারবে না—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এটা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।

হাই রিজ ফিউচার্সের মেটালস ট্রেডিং পরিচালক ডেভিড মেগার বলেন, ‘নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদার ঘাটতি নেই। তবে অন্যান্য চাপ এই চাহিদাকে ছাপিয়ে যাচ্ছে।’

স্বর্ণকে সাধারণত অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে স্বর্ণ কম আকর্ষণীয় হয়ে পড়ে, কারণ এটি কোনো সুদ প্রদান করে না।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রূপার দাম ৪.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৫.৯৩ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ৪.৫ শতাংশ কমে ২,০২৮.১২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪.৭ শতাংশ কমে ১,৫২৬.২০ ডলারে নেমে এসেছে।