হরমুজ প্রণালিতে শুল্ক আরোপের বিষয়ে নতুন তথ্য দিল ইরান

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি আলজাজিরাকে জানিয়েছেন, তেহরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রথাগত পদ্ধতিতে কোনো শুল্ক আরোপ করবে না। তবে এ জলপথের নিরাপত্তা নিশ্চিতে শুল্ক বা মাশুল নেওয়া হবে।
রেজায়ি জানান, বর্তমানে ইরানি সংসদ একটি খসড়া আইন তৈরি করছে, যেখানে প্রণালির ‘নিরাপত্তা নিশ্চিতকরণ’ সংক্রান্ত ফি বা মাশুল নির্ধারণ করা হবে। তিনি আরও যোগ করেন যে, এই জলপথ দিয়ে যাতায়াত করতে হলে এখন থেকে শুধু ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বা সমন্বয় করতে হবে।
ইব্রাহিম রেজায়ির মতে, শত্রুভাবাপন্ন সামরিক জাহাজ—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জাহাজ—কোনো অবস্থাতেই এই প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি পাবে না। তবে বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ ইরানি বাহিনীর সঙ্গে যোগাযোগ বা সমন্বয়সাপেক্ষে যাতায়াত করতে পারবে।
তিনি স্পষ্ট করে বলেন, এই প্রণালি ব্যবস্থাপনা বা সুরক্ষায় আমেরিকার যে কোনো ধরনের ভূমিকা ইরান প্রত্যাখ্যান করছে।
এর আগে ইরানি সংবাদ সংস্থা ইসনা জানায়, দেশটির সরকারি কর্মকর্তা মাহমুদ নবভিয়ান কিছু বাণিজ্যিক জাহাজকে শুল্ক প্রদানের বিনিময়ে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়ার কথা বলেছিলেন। নবভিয়ান এই জলপথ উন্মুক্ত করার বিষয়টি লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সম্পৃক্ত করেন, যদিও ডোনাল্ড ট্রাম্প এই দুই বিষয়ের মধ্যে কোনো যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছেন।