
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা চলতি বছরের অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজের ওপর অন্তত ২৮টি নিশ্চিত হামলার ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি। এর ফলে গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে নথিভুক্ত হামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১৩টিতে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যের সঙ্গেও এই হিসাবের উল্লেখযোগ্য মিল রয়েছে। সংস্থাটির হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে মোট ১২০টি হামলা ও সংশ্লিষ্ট ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে।
তবে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, গত ১৬ অক্টোবর পর্যন্ত তারা মোট ১৩৫টি ঘটনার খবর পেয়েছে। সংস্থাটি আরও সতর্ক করেছে, সব হামলার তথ্য আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত নাও হতে পারে।
এদিকে আইএমওর তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব বলছে, চলমান সংঘাতের সময় বিশ্বের মোট সুপারট্যাংকারের ৩ দশমিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। বিশ্বে সুপারট্যাংকারের সংখ্যা ৯০০টির বেশি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে ধারাবাহিক হামলার ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
