logo

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন সেনা আহত হয়েছেন। শুরুতে আহতের সংখ্যা কম বলা হলেও পরে তা বেড়ে ১২ জনে পৌঁছেছে। ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের

শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও আরব দেশের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় সেনারা ঘাঁটির একটি ভবনের ভেতরে ছিলেন। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি ভবনটিতে আঘাত করলে তারা আহত হন।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। বাকি সেনারা বিস্ফোরণের তীব্র শব্দ ও কম্পনের কারণে মাথায় আঘাত পেয়েছেন, যা কনকাশন হিসেবে পরিচিত।

এই হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়। এতে ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতে এটি দ্বিতীয়বারের মতো এই বিমানঘাঁটি সরাসরি ইরানের হামলার শিকার হলো। এর আগের হামলায়ও কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল।

চার সপ্তাহ ধরে চলা এই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত ইন্টারসেপ্টর অস্ত্রের মজুত কমে আসছে বলে জানা গেছে।

অন্যদিকে, টানা হামলার মুখে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিচ্ছে। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সবার।