হরমুজে শত্রুপক্ষের জাহাজ ঠেকানো ইরানের আইনগত অধিকার: আরাগচি

হরমুজ প্রণালিতে ‘শত্রুপক্ষের জাহাজ’ চলাচল ঠেকানো ইরানের আইনগত অধিকার বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে জানানো হয়েছে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে আরাগচি এ কথা বলেন। তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে বর্তমান অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্ট শাসনের’ আইন লঙ্ঘন ও আগ্রাসনের সরাসরি ফল।
আরাগচি বলেন, উপকূলবর্তী রাষ্ট্র হিসেবে ইরানের অধিকার রয়েছে শত্রু ও তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের চলাচল নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করার।
তিনি আরও উল্লেখ করেন, প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং এ বিষয়ে তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনা ইতোমধ্যে বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।