টেলর সুইফটকে টপকে টিকটকে এক নম্বরে থাকার মিথ্যা দাবি ট্রাম্পের

এশিয়া পোস্ট ডেস্ক
টেলর সুইফটকে টপকে টিকটকে এক নম্বরে থাকার মিথ্যা দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও পপ তারকা টেলর সুইফট (ডানে)। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিজের জনপ্রিয়তা নিয়ে এবার এক বিতর্কিত ও অসত্য দাবি করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি নাকি বর্তমানে টিকটকে ফলোয়ারের দিক থেকে এক নম্বরে রয়েছেন, এমনকি জনপ্রিয় পপ তারকা টেলর সুইফটও তার পেছনে পড়ে গেছেন।

সোমবার (৬ জুলাই) হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিকটকে চীনা মালিকানা ও অন্যান্য বিষয়ে কথা বলার সময় ট্রাম্প এই দাবি করেন।

অ্যাপটির নাম ভুল উচ্চারণ করে তিনি বলেন, দুদিন আগে নতুন একটি তালিকা এসেছে। আপনারা কি জানেন ‘টিক ট্যাক’-এ সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে? ট্রাম্প, অর্থাৎ আমি। আমি অনেক ব্যবধানে এক নম্বরে আছি এবং টেলর সুইফট আছে ১১ নম্বরে।

তবে নিজের এই দাবির পক্ষে কোনো দাপ্তরিক তালিকা বা প্রমাণ দেখাতে পারেননি তিনি।

বাস্তব চিত্র অবশ্য ট্রাম্পের এ দাবির সম্পূর্ণ উল্টো। বর্তমানে টিকটকে ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার সংখ্যা মাত্র ১৬.৬ মিলিয়ন (১ কোটি ৬৬ লাখ)। অন্যদিকে, এই প্ল্যাটফর্মে ভীষণ নিষ্ক্রিয় থাকা এবং ২০২৬ সালে মাত্র তিনটি পোস্ট করা টেলর সুইফটের ফলোয়ার সংখ্যা ট্রাম্পের চেয়ে প্রায় দ্বিগুণ ৩৩.৫ মিলিয়ন (৩ কোটি ৩৫ লাখ)।

এমনকি ট্রাম্প বা সুইফট কেউই টিকটকের শীর্ষ ১০ জন জনপ্রিয় তারকার তালিকার ধারেকাছেও নেই। বর্তমানে টিকটকে সবচেয়ে বেশি ফলোয়ার নিয়ে শীর্ষে আছেন খ্যাবি লেম (১৬২.৩ মিলিয়ন)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে চার্লি ডি'অ্যামেলিও (১৫৯.১ মিলিয়ন) এবং জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট (১২৯.১ মিলিয়ন)।

এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জনপ্রিয়তা নিয়ে অতিরঞ্জিত দাবি করার রেকর্ড রয়েছে ট্রাম্পের, যা এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের খোরাক জোগাচ্ছে।

সূত্র: জাস্ট জ্যারেড