তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে তেল আবিবের রাজপথ। শনিবার (১৮ এপ্রিল) রাতে হাজার হাজার বিক্ষোভকারী শহরের কেন্দ্রস্থলে সমবেত হয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
রোববার (১৯ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
বিক্ষোভে অংশ নেওয়া ইসরায়েলি নাগরিক রাফায়েল পিনেইনা গণমাধ্যমকে জানান, নেতানিয়াহু ইসরায়েলি সমাজকে ভেতর থেকে ধ্বংস করছেন। পাশাপাশি ইউরোপ ও আমেরিকার মতো দীর্ঘদিনের বন্ধুদের সঙ্গেও সম্পর্ক তিক্ত করে তুলছেন।
পিনেইনা আরও বলেন, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিরাপত্তা ব্যর্থতা এবং তার পরবর্তী ঘটনাগুলোর কোনো সুষ্ঠু জবাব সরকার দিতে পারেনি। বিক্ষোভকারীরা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
সমাজকর্মী লি হফম্যান-আজিভ বলেন, এই অন্তহীন যুদ্ধে যে পরিবারগুলো তাদের স্বজন হারিয়েছে, তাদের প্রতি সংহতি জানাতেই তারা রাজপথে নেমেছেন। তাদের মতে, ৭ অক্টোবরের পর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের কোনো শেষ নেই এবং এর জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি দায়ী।
হাইম ট্রিভাক্স নামের এক বিক্ষোভকারী সরাসরি অভিযোগ করে বলেছেন, লেবানন এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ইসরায়েলের জন্য একটি বড় ভুল ছিল। নেতানিয়াহু দেশের মঙ্গলের কথা ভেবে নয়, বরং দুর্নীতির দায়ে জেল খাটা থেকে বাঁচতে এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন।