চীনা চিপের অগ্রগতির খবরে বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় পতন

চীনের কম্পিউটার চিপ শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতির খবর প্রকাশের পর বৈশ্বিক প্রযুক্তি খাতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতনের পর যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর শেয়ারের দরও কমে গেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দিনের শুরুতেই জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই-২২৫ প্রায় ৪ শতাংশ কমে ৬২ হাজার ৩৫১ দশমিক ৭৩ পয়েন্টে নেমে আসে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৭ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়ায় ৬ হাজার ২৪৬ দশমিক ৫৩ পয়েন্টে।
এদিন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি কমে যায়। একইভাবে বিশ্বের অন্যতম শীর্ষ মেমোরি চিপ নির্মাতা এসকে হাইনিক্সের শেয়ারও প্রায় ৭ দশমিক ৫ শতাংশ হারায়।
বাজার বিশ্লেষকদের মতে, চীনের সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে বড় অগ্রগতির খবর বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এর ফলে প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির চাপ বেড়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রতিষ্ঠান সাংহাই ইউলিয়াংশেং ডিপ আল্ট্রাভায়োলেট (ডিইউভি) লিথোগ্রাফি মেশিন তৈরির কাজ করছে।
ডিইউভি লিথোগ্রাফি প্রযুক্তি উন্নত সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। চীন এ প্রযুক্তিতে সফল হলে বৈশ্বিক চিপ শিল্পে প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
.png)






