ফ্রান্স-মরক্কো ম্যাচ/প্যারিসে সর্বোচ্চ সতর্কতা, মেট্রো চলাচলে বিধিনিষেধ

সাইফুল ইসলাম রনি, ফ্রান্স
প্যারিসে সর্বোচ্চ সতর্কতা, মেট্রো চলাচলে বিধিনিষেধ
ফ্রান্সের প্যারিসে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। ছবি: এশিয়া পোস্ট

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর বহুল প্রতীক্ষিত ম্যাচকে কেন্দ্র করে ফ্রান্সের রাজধানী প্যারিসজুড়ে জারি করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ম্যাচটি যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত হলেও বিপুলসংখ্যক সমর্থকের সমাগম এবং সম্ভাব্য উল্লাস বা বিশৃঙ্খলার আশঙ্কায় প্যারিস পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এর অংশ হিসেবে রাত থেকে মেট্রোর একাধিক স্টেশন বন্ধ রাখা হবে এবং কয়েকটি লাইনে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্যারিস পুলিশ প্রিফেকচারের ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা থেকে শঁজেলিজে ও আর্ক দ্য ত্রিয়ঁফ এলাকার আশপাশের বেশ কয়েকটি মেট্রো স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে ওই এলাকায় যানবাহন চলাচলেও কড়াকড়ি আরোপ করা হবে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত স্টেশনও বন্ধ করার ক্ষমতা রাখা হয়েছে।

নিরাপত্তা জোরদারে হাজারো পুলিশ সদস্য, দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট এবং বিশেষ টহল দল মোতায়েন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক, গণজমায়েতের স্থান এবং গণপরিবহন ব্যবস্থায় বাড়তি নজরদারির পাশাপাশি ড্রোন ব্যবহার করেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আতশবাজি, দাহ্য বস্তু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সামগ্রী বহনের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্যারিস সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, সমর্থকদের নিরাপদ পরিবেশে খেলা উপভোগের সুযোগ দিতে ‘লা ফান জোন, সে প্যারিস’ কর্মসূচির আওতায় মারেই ও লা রকেত এলাকায় বিশেষ পথচারী অঞ্চল চালু করা হয়েছে। এসব এলাকায় ক্যাফে, বার ও রেস্তোরাঁর গ্রীষ্মকালীন খোলা রাখার সময়ও বিশেষভাবে বাড়ানো হয়েছে, যাতে সমর্থকেরা নিয়ন্ত্রিত পরিবেশে খেলা দেখতে ও উদযাপন করতে পারেন।

ফরাসি কর্তৃপক্ষের আশঙ্কা, প্যারিসে বসবাসকারী বৃহৎ মরক্কান সম্প্রদায় এবং ফরাসি সমর্থকদের বিপুল উপস্থিতির কারণে ম্যাচ শেষে উদযাপনকে কেন্দ্র করে বড় ধরনের জনসমাগম হতে পারে। বিশেষ করে শঁজেলিজে, আর্ক দ্য ত্রিয়ঁফ এবং শহরের কেন্দ্রীয় এলাকাগুলোতে অতিরিক্ত ভিড়ের সম্ভাবনা রয়েছে। সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং যাত্রার আগে মেট্রো ও গণপরিবহনের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের পর কিছু স্টেশনে ট্রেন থামবে না এবং বিকল্প রুট ব্যবহার করতে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনালের পর প্যারিসসহ বিভিন্ন শহরে সংঘর্ষ, ভাঙচুর এবং শতাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আগাম নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি প্রশাসন।