Advertisement

মমতার ভাইপো অভিষেকের বাড়িতে ইডির তল্লাশি

এশিয়া পোস্ট নিউজ, কলকাতা
মমতার ভাইপো অভিষেকের বাড়িতে ইডির তল্লাশি
ইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছায় শালবনি ও কালীঘাট থানার পুলিশ।

শুক্রবার রাত ৩টা থেকে শনিবার (১৩ জুন) সকাল ৭টা পর্যন্ত অভিষেকের বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী।

জানা যায়, শুক্রবার রাত ৩টার দিকে কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছায়। ভোররাতে এসে ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। পরে নিরাপত্তা রক্ষীদের সাহায্যে পুলিশ ভেতরে ঢোকে। ঘণ্টাখানেকেরও বেশি সময় তল্লাশি চালানোর পর শনিবার ৭টায় বাড়ি থেকে বের হয় পুলিশ।

অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশির খবর পেয়ে সেখানে পৌঁছান তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশি চলাকালীন তিনি অভিষেকের সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে হওয়া একটি কেসে এই তল্লাশি অভিযান চালায় শালবনি থানার পুলিশ। সুমিত রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। জমি দুর্নীতি, প্রতারণা, টাকার বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। সুমিতের শেষ টাওয়ার লোকেশন পাওয়া যায় কালীঘাটে। সেই সূত্রে রাত ৩টার সময় আসে শালবনি থানার পুলিশ। মূলত তার খোঁজে তৃণমূল সাংসদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে। এর আগে সুমিতে খোঁজে কালীঘাটের পটুয়াপাড়ার বহুতল ভবন তন্ন তন্ন করে তল্লাশি করে পুলিশ। এখনও সুমিত রায়ের খোঁজ মেলেনি।

এদিকে শনিবার পৌর নিয়োগ দুর্নীতির মামলায় কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের বাড়ি ও তার আশপাশের এলাকার মোট আটটি জায়গায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তালিকায় রয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানা।

সূত্রের খবর অনুযায়ী, বিধায়কের ভবানীপুর, জোকা, বেলঘড়িয়া ও দক্ষিণেশ্বরের বাড়িতে পৌঁছেছে ইডির কর্মকর্তারা। জানা যায়, নিয়োগ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মদন মিত্রের বাড়িতে এই অভিযান চালানো হয়। বিধায়কের বাড়ি থেকে একাধিক নথি ও ৬টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে বলে জানিয়েছে ইডি।