আমিরাতের আকাশে উঠেছে জিলকদের চাঁদ, ঈদুল আজহার অপেক্ষা শুরু

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। এবার দিনের উজ্জ্বল আলোতেই আকাশে দেখা গেছে নতুন চাঁদ। যদিও এই ঘটনা খুবই বিরল। জিলকদ মাসের চাঁদ দেখার তথ্যের ওপর ভিত্তি করে আসন্ন জিলহজ মাস বা পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
শনিবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় জিলকদ মাসের চাঁদের ছবি তোলা সম্ভব হয়েছে। এ সময় চাঁদ সূর্য থেকে ১১.৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল। আর চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা। পর্যবেক্ষণ কেন্দ্রের উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা এই বিরল মুহূর্তের ছবিটি ধারণ করেন। এ সময় তার সঙ্গে অংশ নেন পর্যবেক্ষণ কেন্দ্রের সদস্য খালাফান আল-নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ। নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে গণনা শুরু হয়েছে ঈদুল আজহার জন্য প্রস্তুতির সময়।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্যদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুসারে, আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আরাফার দিন হবে ২৬ মে (মঙ্গলবার)। দিনটি পবিত্র হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। আরবি ক্যালেন্ডার অনুসারে জিলহজ মাসের ৯ তারিখ আরাফার দিন হিসেবে পালিত হয়। তবে, সকল ইসলামিক অনুষ্ঠানের মতোই, আনুষ্ঠানিক চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত তারিখ নিশ্চিত করা হবে।
هلال شهر “ذو القعدة” 1447هـ كما تم تصويره نهارا من أبوظبي، بواسطة مرصد الختم الفلكي التابع لمركز الفلك الدولي، وقت التصوير السبت 18 إبريل 2026م الساعة 10:00 بتوقيت الإمارات. بعد القمر عن الشمس 11.7 درجة. عمر القمر 16.5 ساعة.
تصوير: محمد عودة.
فريق المرصد: خلفان النعيمي، أسامة… pic.twitter.com/Din7MzGmU8
— مركز الفلك الدولي (@AstronomyCenter) April 18, 2026