তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত ব্রড পিকে তুষারধসে প্রাণ হারিয়েছেন নেপালি বংশোদ্ভূত কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা (নিমসদাই)। এই তুরষারধসে প্রাণহানির ঘটায় আরও বেশ কয়েকজন পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। নির্মলের নেতৃত্বাধীন ১১ জনের দলের মোট তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (০১ আগস্ট) ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত অভিযাত্রী সংস্থা এলিট এক্সপেড। গতকাল শুক্রবার তুষারধসের কবলে পড়ার পর থেকে পুরজা ও আরও ১০ জন পর্বতারোহী নিখোঁজ ছিলেন।
সংস্থাটি পোস্টে জানায়, গভীর শোক ও হৃদয়ভাঙা বেদনার সঙ্গে আমরা নিশ্চিত করছি যে, ব্রড পিকে তুষারধসে নির্মল ‘নিমসদাই’ পুরজা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে নিশ্চিত হয়েছি, অভিযাত্রী দলের অন্য সদস্যরাও বেঁচে নেই। এই দুর্ঘটনায় নিহত নির্মলের বিশ্বস্ত পর্বতারোহী সঙ্গী ও গাইড পুর বাহাদুর গুরুং (যুক্তা), নিমা শেরপাসহ নিহত সবার প্রতি তারা গভীর শ্রদ্ধা জানাচ্ছে।
পোস্টে আরও বলা হয়, ‘নিহতদের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা, প্রার্থনা ও সহানুভূতি রইল। এই অপূরণীয় ক্ষতির বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। শোকের এই সময়ে তাঁদের পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।’
গতকাল শুক্রবার পাকিস্তানের ব্রড পিক পর্বতে ভয়াবহ তুষারধসের ঘটনায় নির্মল পুরজাসহ মোট ১০ জন পর্বতারোহী নিখোঁজ হন। ব্রড পিক বিশ্বের কয়েকটি ঝুঁকিপূর্ণ পর্বতের মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পর্বতের উচ্চতা ২৬ হাজার ৪০১ ফুট, যা বিশ্বের ১২তম সর্বোচ্চ পর্বত।
৪৩ বছর বয়সি পর্বতারোহী নির্মল পুরজা ১০ জনের একটি দল নিয়ে ব্রড পিক জয়ের উদ্দেশ্যে অভিযানে বের হন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দলটির ওপর হঠাৎ তুষারধস আঘাত হানে।
আলপাইন ক্লাব অব পাকিস্তান জানিয়েছে, ঘটনার পর থেকে পর্বতারোহীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়া দলটি আন্তর্জাতিক পর্বতারোহীদের নিয়ে গঠিত। এই দলে ছিলেন নেপালের পাঁচজন, যুক্তরাষ্ট্রের একজন, পাকিস্তানের একজন, ওমানের একজন, চীনের একজন এবং আরও একজন বিদেশি পর্বতারোহী।
কে এই কিংবদন্তি নির্মল পুরজা
পালি বংশোদ্ভূত নির্মল ‘নিমসদাই’ পুরজা আধুনিক পর্বতারোহণের অন্যতম কিংবদন্তি হিসেবে পরিচিত। ব্রিটিশ স্পেশাল ফোর্সের সাবেক সদস্য পুরজা ২০১৯ সালে মাত্র ছয় মাস ছয় দিনে৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বত জয় করে বিশ্বরেকর্ড গড়েন।
পরে বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতের প্রথম শীতকালীন অভিযানে কে-টু জয়ের মতো ঐতিহাসিক সাফল্যেও নেতৃত্ব দেন। তার অসাধারণ অভিযাত্রা নিয়ে নির্মিত নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘১৪ পিকস: নাথিং ইজ ইম্পসিবল’ বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা পায়।
১৯৮৩ সালের ২৫ জুলাই নেপালের মিয়াগদি জেলার দানা গ্রামে জন্মগ্রহণ করলেও নির্মল পুরজা বড় হন বিতওয়ানে। তার পরিবারের সদস্যদের দীর্ঘসময় সামরিক চাকরির ইতিহাস রয়েছে। বাবা, তিন বড় ভাইয়ের মতো নির্মল নিজেও ব্রিটিশ গোর্খা হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেন। পরে প্রথম নেপালি হিসেবে ব্রিটিশ স্পেশাল বোট সার্ভিসে (রয়্যাল নেভির একটি অভিজাত ইউনিট) যোগদান করেন।
প্রায় ১৬ বছরের সামরিক জীবনে শেষে এসবিএস-এর পার্বত্য ইউনিটে চরম শৈত্যপ্রবাহের যুদ্ধকৌশলে একজন বিশেষজ্ঞ হয়ে ওঠেন। তার সামরিক সেবা ও পর্বতারোহণ কৃতিত্বের জন্য ২০১৮ সালে তাকে ‘মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) উপাধিতে ভূষিত করা হয়।
সূত্র: এনডিটিভি, কাঠমান্ডু পোস্ট, বিবিসি
.png)






