চীনা প্রযুক্তিতে তৈরি ক্রুজ জাহাজের পরীক্ষামূলক যাত্রা শুরু

দেশীয় প্রযুক্তিতে নির্মিত চীনের দ্বিতীয় বৃহত্তম ক্রুজ জাহাজ ‘অ্যাডোরা ফ্লোরা সিটি’ ১২ দিনের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে। শনিবার (১৬ মে) সকালে সাংহাই থেকে যাত্রার সময় জাহাজটির নির্মাণ গুণমান ও সিস্টেমের নির্ভরযোগ্যতা পরিচালন পরীক্ষা করা হবে।
এ সময় ফিন স্ট্যাবিলাইজারের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম মূল্যায়ন করা হবে। নিরাপত্তা, আরাম ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কম্পনজনিত শব্দ ও গতির মতো গুরুত্বপূর্ণ কর্মক্ষমতা সূচক যাচাই করা হবে।
জাহাজটির নির্মাণকাজ ৯৭ দশমিক ৮ শতাংশ ও কমিশনিং ৮৯ দশমিক ৯ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ৬ নভেম্বর হস্তান্তরের পর এটি কুয়াংচুর নানশা আন্তর্জাতিক ক্রুজ হোম পোর্ট থেকে উদ্বোধনী যাত্রা শুরু করবে। ৩৪১ মিটার দীর্ঘ ও ১ লাখ ৪১ হাজার ৯০০ টন ওজনের জাহাজটিতে ২ হাজার ১৩০টি ডিলাক্স রুম ও স্যুট রয়েছে। জাহাজটিতে ৫ হাজার ২৩২ জন অতিথি থাকতে পারবেন।
সাংহাই ওয়াইগাওকিয়াও শিপবিল্ডিং কোং লিমিটেডের ক্রুজ শিপ প্রকল্প বিভাগের পরিচালক ওয়েই শেংশেং বলেন, দেশীয়ভাবে নির্মিত প্রথম বৃহত্তম ক্রুজ জাহাজের (অ্যাডোরা ম্যাজিক সিটি) দুটি পরীক্ষামূলক যাত্রার তুলনায়, এবার আমরা উভয় পরীক্ষাকে একক মিশনে একত্রিত করেছি। ১২ দিনের মধ্যে সমস্ত পরীক্ষা সম্পন্ন করেছি। জাহাজের অবস্থার দিক থেকে এটি এখন হস্তান্তরের অনেক কাছাকাছি।
সূত্র: সিএমজি
