ভেনেজুয়েলার ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির আশঙ্কা

এশিয়া পোস্ট ডেস্ক
ভেনেজুয়েলার ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির আশঙ্কা
কারাকাসে শক্তিশালী ভূমিকম্পের পর একটি ধসে পড়া ভবন থেকে এক আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ভূ-তত্ত্ব বিভাগের (ইউএসজিএস) তথ্য বলছে, প্রথম কম্পনটির মাত্রা ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টি ৭ দশমিক ৫ মাত্রার। ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলেও জানিয়েছে মার্কিন ভূ-তত্ত্ব বিভাগ।

Advertisement

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে অনুভূত হয় প্রথম কম্পনটি। কম্পনগুলোর উৎপত্তিস্থল রাজধানী কারাকাস থেকে ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকায়।

ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুলসংখ্যক মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে এই বিপর্যয় বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। সংস্থাটির প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রাণহানির সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে।

দেশটির কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা বা আহতের সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বিভিন্ন স্থানে ভবন ধস, উদ্ধার অভিযান এবং আহত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ার কথা জানিয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জনগণকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

দিওসদাদো কাবেয়ো বলেন, কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস-সংক্রান্ত কোনো দুর্ঘটনা আমরা চাই না।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এবং হতাহতের তথ্য জানার চেষ্টা চলছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের সময় কারাকাসের বাসিন্দারা দ্রুত ভবন ছেড়ে বাইরে নিরাপদ স্থানে আশ্রয় নেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, তার ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কাঁচ ভেঙে পড়েছে।

ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি বলে মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স