logo

নিউইয়র্ক সিটিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন 

নিউইয়র্ক সিটিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন 

নিউইয়র্ক সিটির ম্যানহাটনে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খ্রিস্টধর্ম প্রচারক সেন্ট প্যাট্রিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সেন্ট প্যাট্রিক ডে’ উদযাপনের কার্যক্রম শুরুর ঠিক আগমুহূর্তে  মঙ্গলবার (১৭ মার্চ) এই অগ্নিকাণ্ড ঘটে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার ঠিক আগে পূর্ব ৪৩ নম্বর স্ট্রিট এবং ম্যাডিসন অ্যাভিনিউ সংলগ্ন একটি বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। স্থানটি সেন্ট প্যাট্রিক ডে প্যারেড শুরুর একদম কাছাকাছি হওয়ায় দ্রুত ব্যবস্থা নেয় জরুরি বিভাগ। 

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিআই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আকাশচুম্বী ভবনটির ছাদ থেকে ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ভবনের চূড়া থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়।

এই অগ্নিকাণ্ডের ফলে শহরের জরুরি সেবা বিভাগ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়। এর প্রভাবে ওই এলাকায় তীব্র যানজট, রাস্তা বন্ধ এবং গণপরিবহন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

তবে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বেলা ১১টার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরই পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সেন্ট প্যাট্রিক ডে প্যারেড শুরু করা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।