logo

শান্তি আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধিদল পাঠাবে না ইরান

শান্তি আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধিদল পাঠাবে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে কোনো প্রতিনিধিদল পাঠাবে না ইরান। যতদিন মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে, ততদিন ইরানিরা কোনো আলোচনায় অংশ নেবে না। 

রোববার (১৯ এপ্রিল) বিবিসির প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি এখনও চূড়ান্তভাবে নিশ্চিত করেনি ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে , যতদিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে ইরান পাকিস্তানে তাদের আলোচক দল পাঠাবে না।

অপরদিকে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে আগামীকাল সোমবার মার্কিন আলোচকরা পাকিস্তানে পৌঁছাবেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পএই সফরের বিষয়টি নিশ্চিত করেন।

তবে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন কোন কর্মকর্তা অংশ নেবেন, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।

আলজাজিরার প্রতিবেদন অনুসারে, ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার বিষয়ে হোয়াইট হাউস এখনও কিছু জানায়নি। এ ছাড়া প্রথম দফার বৈঠকে নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কার্যালয় থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে ইরান চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাশাপাশি তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে ইরান যদি তা গ্রহণ না করে, তবে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

ট্রাম্প লিখেছেন, তারা যদি এই চুক্তি মেনে না নেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, একটি শান্তি চুক্তিতে আসতে এটা ইরানের জন্য শেষ সুযোগ।