logo

ত্রুটিপূর্ণ ড্রাগ টেস্টের কারণে গ্রেপ্তার ও হয়রানির শিকার হাজারও মানুষ

ত্রুটিপূর্ণ ড্রাগ টেস্টের কারণে গ্রেপ্তার ও হয়রানির শিকার হাজারও মানুষ

পুলিশের করা তাৎক্ষণিক ড্রাগ টেস্টের ভুল ফলাফলের কারণে যুক্তরাষ্ট্রে বছরে ১০ হাজারেরও বেশি মানুষ বিনা অপরাধে গ্রেপ্তার ও হয়রানির শিকার হচ্ছেন। সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

সংবাদমাধ্যম জানাচ্ছে, পুলিশ সাধারণত মাদকদ্রব্য শনাক্ত করার জন্য কালারিমেট্রিক টেস্ট কিট ব্যবহার করে। এ পদ্ধতিতে ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে থাকা রাসায়নিক দ্রব্য সন্দেহভাজন দ্রব্যের সঙ্গে মেশানো হয়। দ্রব্যটি মাদক হলে রাসায়নিকের রং পরিবর্তন হয়ে যায়।

ল্যাব টেস্ট সাধারণত ব্যয়বহুল। তাছাড়া এর ফলাফল আসতেও কয়েক সপ্তাহ সময় লাগে। অন্যদিকে, কালারিমেট্রিক টেস্ট কিটগুলোর দাম মাত্র ২ থেকে ১০ ডলার এবং ফলাফল পাওয়া যায় কয়েক মিনিটেই।

তবে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গবেষকদের মতে, এই সস্তা কিটগুলো দিয়ে পরীক্ষায় ভুল ফলাফলের হার ১৫ থেকে ৩৮ শতাংশ পর্যন্ত। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এই হার ৯০ শতাংশও ছাড়িয়ে যায়। অনেক সময় চিনির মতো সাধারণ জিনিসকেও এই কিটগুলো মাদক হিসেবে শনাক্ত করে।

খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রে ভুল পরীক্ষার কারণে অনেক মানুষ চরম হয়রানির শিকার হয়েছেন। একবার মার্কিন ফুটবলার শাই ওয়ার্টসের গাড়ির ওপর থাকা পাখির বিষ্ঠাকে পুলিশ কোকেন মনে করে তাকে গ্রেপ্তার করেছিল।

ডার্টাভিয়াস বার্নস নামের এক ব্যক্তির কাছে থাকা তার ২ বছর বয়সি মৃত মেয়ের চিতাভস্মকে পুলিশ কালারিমেট্রিক টেস্টের ভিত্তিতে মাদক হিসেবে শনাক্ত করে।

এ ছাড়া প্রেসক্রিপশন অনুযায়ী রাখা ব্যথানাশক ওষুধ বা সাধারণ কুকিজও ত্রুটিপূর্ণ পরীক্ষায় মাদক হিসেবে ধরা পড়েছে, যার ফলে জেল খাটতে হয়েছে নিরপরাধ মানুষকে।

৬৫ বছর বয়সি হলি বেনেটকে কোকেন রাখার দায়ে অভিযুক্ত করা হয়। এই ঘটনায় হওয়া মামলা লড়তে তাকে নিজের বাড়ি পর্যন্ত বন্ধক রাখতে হয়েছিল। পরে দেখা যায়, সেগুলো কোকেন নয়, বরং ডাক্তারের দেওয়া ব্যথার ওষুধ।

এই ঘটনার প্রেক্ষিতে নতুন একটি আইন করেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য। আইন অনুযায়ী, অঙ্গরাজ্যটিতে এখন থেকে শুধুমাত্র কালারিমেট্রিক টেস্টের ওপর ভিত্তি করে কাউকে গ্রেপ্তার করা যাবে না।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংবেদনশীল পরীক্ষার ক্ষেত্রে সস্তা কিট ব্যবহার না করে আধুনিক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা উচিত। যদিও এগুলোর দাম বেশি (২৪ থেকে ৮০ হাজার ডলার), কিন্তু এটি ভুল গ্রেপ্তার কমায় এবং নিরপরাধ মানুষকে অযথা হয়রানি থেকে বাঁচায়।