logo

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। তিনি স্পষ্ট করে জানান, এমন আত্মসমর্পণ না হলে ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যাবে না যুক্তরাষ্ট্র।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ইরান আত্মসমর্পণ করলে দেশটিতে নতুন ও ‘গ্রহণযোগ্য’ নেতৃত্ব গঠনের সুযোগ তৈরি হবে।

ট্রাম্পের মতে, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইরান পুনর্গঠনে সহায়তা করতে পারে।

এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তথ্য আলজাজিরা

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যেই এই হামলা চালানো হয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুরসহ অন্তত ৪৮ শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

জবাবে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। খামেনিকে হত্যার পর গত রোববার থেকে হামলার তীব্রতা ব্যাপকভাবে বাড়িয়েছে তেহরান। সৌদি আবর, কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি দেশে হামলা চালিয়েছে ইরান।

গত বছরের ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। সে সময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। ১২ দিনের সংঘাত শেষে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছায়। সেই সংঘাতই ভিত গড়ে দেয় এবারের যুদ্ধের।