logo
Advertisement

এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতির

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুতির

বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি সরকার। তাদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। এই অচলাবস্থা না কাটলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ হুমকি দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

হুসেইন আল-এজ্জি দাবি করেন, সানা (ইয়েমেরে রাজধানী) যদি একবার বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে পৃথিবীর কোনো শক্তির পক্ষেই তা পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে না। ট্রাম্প প্রশাসন যদি তাদের নীতি পরিবর্তন না করে এবং ইয়েমেনিদের অধিকারের প্রতি সম্মান না দেখায়, তাহলে এই সংকটের দায়বার তাদেরই নিতে হবে বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।

বাব আল-মান্দাব প্রণালিকে বলা হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের ‘চোকপয়েন্ট’। লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সাথে যুক্ত করা এই পথ দিয়ে জাহাজগুলো সুয়েজ খালের দিকে অগ্রসর হয়। এর সংকীর্ণতম অংশটি মাত্র ২৯ কিলোমিটার চওড়া হওয়ায় এটি নিয়ন্ত্রণ করা বেশ সহজ, কিন্তু বন্ধ হয়ে গেলে বিকল্প কোনো সহজ পথ নেই।

মধ্যপ্রাচ্যের তেল এবং রাশিয়ার জ্বালানি এশিয়া ও ইউরোপে পৌঁছানোর জন্য এই রুটটি অপরিহার্য। যদি হুতিরা সত্যিই এই পথটি বন্ধ করে দেয়, তবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে। এ ছাড়া পণ্য সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।