ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনায় রকেট ও ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর

দক্ষিণ লেবানন থেকে হাইফা শহরের দক্ষিণে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার (২ মার্চ) সংগঠনটি এ দাবি করে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
এক বিবৃতিতে লেবাননের এ গোষ্ঠীটি জানিয়েছে, মধ্যরাতের কিছুক্ষণ পরেই মিশমার হাকারমেল বিমান প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহ এই অভিযানকে ‘বৈধ প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া’ হিসাবে বর্ণনা করেছে। সংগঠনটি বলছে, অব্যাহত ইসরায়েলি আক্রমণ এবং হত্যাকাণ্ড প্রতিশোধের ন্যায্যতা নিশ্চিত করেছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তাদের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছে।
হিজবুল্লাহ আরও বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে এটি করা হয়েছিল। অব্যাহত ইসরায়েলি আক্রমণ এবং হত্যাকাণ্ডের কারণেই মূলত এ হামলা করা হয়েছে।