Advertisement

জর্ডানে সৈন্য নিহত, জবাবে ইরানে রাতভর হামলা যুক্তরাষ্ট্রের

এশিয়া পোস্ট ডেস্ক
জর্ডানে সৈন্য নিহত, জবাবে ইরানে রাতভর হামলা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানে রাতভর হামলা চালানো হয়। এতে হরমোজগান, বন্দর আব্বাসসহ বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শনিবার (১৮ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, ইস্টার্ন টাইম অনুযায়ী শনিবার সন্ধ্যা ৬টায় এই পাল্টা হামলা শুরু হয়। এই হামলার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। একই সঙ্গে গত রাতে (শুক্রবার) জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইরানি রেভোল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) উপযুক্ত শাস্তি দেওয়া।

মার্কিন সামরিক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) জর্ডানে ইরানের আকস্মিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘটে। ওই সময় মার্কিন ও তার মিত্র বাহিনী প্রতিরোধ গড়ে তোলে। সেই সংঘাতের সময় মার্কিন সামরিক বাহিনীর দুই সদস্য নিহত হন। এছাড়া একজন সেনা এখনও নিখোঁজ রয়েছেন। হামলায় গুরুতর আহত চার মার্কিন সেনাকে জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তারা ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন। সামান্য আঘাত পাওয়া অন্য সেনারা চিকিৎসা নিয়ে পুনরায় নিজেদের দায়িত্বে যোগ দিয়েছেন।

নিহত সেনাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিয়ম অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সেন্টকম।

এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি একে ‘খুবই বেদনাদায়ক বিষয়’ বলে উল্লেখ করেন। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী দেশের সেবায় নিয়োজিত ছিল এবং এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত সেনাদের বীর আখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, তাদের এই মহান আত্মত্যাগ মার্কিন বাহিনীর সংকল্প ও লড়াইয়ের মানসিকতাকে আরও শক্তিশালী করবে।

সূত্র: আনাদোলু