চীনের জুতা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ২৮ জনের মৃত্যু

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বহুতল জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের ‘হুইতেং’ নামক জুতা কারখানায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক শ্রমিক ভবনের ছাদে আটকা পড়েন।
সিনহুয়ার দেওয়া তথ্য অনুযায়ী, দুপুরে যখন আগুন লাগে, তখন কারখানাটিতে মোট ২৩৯ জন শ্রমিক কাজ করছিলেন। এর মধ্যে ২১৩ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। পরবর্তীতে নিখোঁজ ২৬ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৮ জনে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভবনে তীব্র আগুনের শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী। ভবনের ছাদে দেখা গেছে মানুষের বাঁচার আকুতি। এই ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি দেশের বিভিন্ন উৎপাদন কারখানায় বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি এই অগ্নিকাণ্ডকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বিকেল ৪টার দিকে মূল আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও দীর্ঘ সময় ধরে সেখান থেকে তীব্র ধোঁয়া বের হচ্ছিল।
উপকূলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরটিকে চীনের ‘জুতার রাজধানী’ বলা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানায় জুতা তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও আঠা মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং বিষাক্ত গ্যাসের কারণে উদ্ধারকারীদের চোখ ও চোখে জ্বালাপোড়া দেখা দেয়।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, কারখানার সিঁড়িগুলোতে অতিরিক্ত মালামাল স্তূপ করে রাখার কারণে শ্রমিকদের বের হতে এবং উদ্ধারকাজ চালাতে মারাত্মক বেগ পেতে হয়েছে। এই ঘটনার পর কারখানার মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আটক করা হয় এবং কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।





