logo

ফুটবলে চাঙ্গা চীনের অর্থনীতি

ফুটবলে চাঙ্গা চীনের অর্থনীতি

চীনে শুরু হয়েছে জনপ্রিয় তৃণমূল পর্যায়ের ফুটবল প্ল্যাটফর্ম সিটি সুপার লিগের নতুন মৌসুম। গত বছরের অভাবনীয় সাফল্যের পর এবারও দেশটির সাধারণ মানুষের মধ্যে ফুটবল নিয়ে তুমুল উন্মাদনা দেখা যাচ্ছে, যা দেশটির ক্রীড়া অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করেছে বলে জানাচ্ছে চীনা সংবাদমাধ্যম সিসিটিভি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংবাদমাধ্যমের খবর জানায়, ফুটবলকেন্দ্রিক আয়ের পাশাপাশি স্টেডিয়ামের বাইরে জার্সি ও স্যুভেনির বিক্রিতেও ধুম পড়েছে। গত বছর চিয়াংসু প্রদেশের লিগ চলাকালীন খুচরা বিক্রয় খাতে প্রায় ১১ দশমিক ৬৪ বিলিয়ন ইউয়ান আয় হয়েছিল, যা অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে।

দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশেও চলতি মাসের শেষে ২১টি শহরের অংশগ্রহণে শুরু হচ্ছে বড় এই টুর্নামেন্ট। ২০২৫ সালে চীনের ক্রীড়া শিল্পের বাজার ছাড়িয়েছে ৫ ট্রিলিয়ন ইউয়ান। সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এই খাতের মূল্য ৭ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে। তৃণমূলের এই ফুটবল উন্মাদনা মাঠের বাইরে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যেও বড় ভূমিকা রাখছে।

গত সোমবার ছেচিয়াং প্রদেশে উয়ুয়ে কাপ ফুটবলের জমকালো উদ্বোধন হয়। ৬২৭ অপেশাদার খেলোয়াড়কে নিয়ে গঠিত ১১টি শহরের দল এতে অংশ নিচ্ছে।