logo
Advertisement

‘হাবিবি, কাম টু ইরান!’ হরমুজ নিয়ে ট্রাম্পকে খোঁচা তেহরানের

এনডিটিভি
এনডিটিভি
‘হাবিবি, কাম টু ইরান!’ হরমুজ নিয়ে ট্রাম্পকে খোঁচা তেহরানের
হরমুজ প্রণালির মানচিত্রের ওপর ‘মাইনসুইপার’ কম্পিউটার গেমের আদলে একটি দৃশ্য দেখানো হয়েছে। ছবি: ভিডিও থেকে

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে নতুন বার্তা দিয়েছে ইরান। ‘আঙ্কেল স্যাম’ নামে যুক্তরাষ্ট্রকে সম্বোধন করে ইরানের দূতাবাসের একটি পোস্টে লেখা হয়েছে, ‘হাবিবি (আঙ্কেল স্যাম), ইরানে এসো!’

Advertisement

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশ করে সিয়েরা লিওনে অবস্থিত ইরানি দূতাবাস। এর সঙ্গে ৩৫ সেকেন্ডের একটি অ্যানিমেটেড ভিডিওও দেওয়া হয়। ভিডিওতে হরমুজ প্রণালির ত্রিমাত্রিক মানচিত্রের ওপর ‘মাইনসুইপার’ কম্পিউটার গেমের আদলে একটি দৃশ্য দেখানো হয়েছে।

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটেই ইরানের এই ব্যঙ্গাত্মক বার্তা বলে ধারণা করা হচ্ছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও বেড়েছে। রোববার হরমুজ প্রণালির একটি দ্বীপে ইরানের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান হরমুজে মাইন স্থাপনের জন্য এসব রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ব্যবহার করার পরিকল্পনা করছিল।

এর মাত্র এক সপ্তাহ আগেই আন্তর্জাতিক নৌপথ থেকে সমুদ্রের মাইন অপসারণের কাজ শেষ করেছিল যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, কোনো জাহাজ বা নৌযান নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করলে সেটি ধ্বংস করা হবে।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। ইরানি বাহিনী জর্ডানে অবস্থিত দুটি মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হলেও জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এদিকে ইরানের বিরুদ্ধে চলতি মাসে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক স্থাপনা, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় একটি বিয়ের অনুষ্ঠানও আক্রান্ত হয়েছে। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স বলেন, বেসামরিক মানুষকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কখনো হামলা চালায় না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইরানকে আরও বড় হামলার হুমকিও দেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ ইতোমধ্যে ছয় মাস পেরিয়েছে। তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—এটিকে এই সংঘাতের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এই জলপথে সামরিক উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিকভাবে উদ্বেগও বাড়ছে।