নেতানিয়াহুকে মাখোঁর হুঁশিয়ারির মধ্যেই বৈরুতে ইসরায়েলি হামলা শুরু

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
অন্যদিকে বিশ্বের বিভিন্ন নেতা পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ইসরায়েলকে উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন, যাতে সংঘাত লেবাননে নতুন যুদ্ধফ্রন্টে পরিণত না হয়।
ইসরায়েলি বাহিনী এর আগে বৈরুতের দক্ষিণাঞ্চলের সব বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল। প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস থাকা এই এলাকায় হঠাৎ এ নির্দেশ জারি হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক মানুষ যানবাহন না পেয়ে হেঁটেই এলাকা ছাড়তে শুরু করেন। কোথাও কোথাও দেখা গেছে, নারীরা শিশুদের ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছেন, আবার অনেকে বৃদ্ধ স্বজনদের সরিয়ে নিতে উদ্ধার সহায়তার আবেদন জানাচ্ছেন।
সোমবার থেকে বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়ে এলাকায় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেল স্মোট্রিস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাহিয়ে এলাকার পরিণতি হবে গাজার খান ইউনিসের মতো, যা ইসরায়েলি সামরিক অভিযানে প্রায় ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েলি বাহিনী এর আগে লিতানি নদীর দক্ষিণের সব এলাকা খালি করার নির্দেশও দেয়। এই অঞ্চলটি লেবাননের প্রায় ১০ শতাংশ ভূখণ্ডজুড়ে বিস্তৃত। এতে আশঙ্কা তৈরি হয়েছে যে ইসরায়েল সেখানে স্থল অভিযান শুরু করতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মাখোঁ বলেন, হিজবুল্লাহকে অবিলম্বে ইসরায়েলের দিকে হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের স্থল অভিযান বা বড় ধরনের সামরিক পদক্ষেপ থেকেও বিরত থাকা উচিত।
মাখোঁ আরও বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক সময়। আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানাচ্ছি, যুদ্ধ যেন লেবাননে বিস্তৃত না হয়।
ফরাসি প্রেসিডেন্ট জানান, লেবাননের কর্তৃপক্ষ তাকে আশ্বাস দিয়েছে যে তারা হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা অবস্থানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে। দেশের পুরো ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেবে।
তিনি বলেন, এ ক্ষেত্রে ফ্রান্স লেবাননকে পূর্ণ সমর্থন দেবে। লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে এবং তাদের সাঁজোয়া পরিবহন যানসহ বিভিন্ন ধরনের সামরিক ও লজিস্টিক সহায়তা দেওয়া হবে।
মাখোঁ বলেন, লেবাননকে আবারও যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়া থেকে রক্ষা করতে যা করার প্রয়োজন, সবই করতে হবে।
ইসরায়েলের দাবি, সোমবার হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের দিকে একাধিক রকেট ছোড়ার পরই তারা পাল্টা হামলা শুরু করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ১০২ জন নিহত এবং ৬৩৮ জন আহত হয়েছেন।