logo

ইসরায়েলি গণহত্যা/২১ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী নিহত

২১ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী নিহত
ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসপ্রাপ্ত আল-আকসা বিশ্ববিদ্যালয়। ছবি: গেটি ইমেজেস

টানা তিন বছর ধরে চালানো ইসরায়েলি গণহত্যায় ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ২০ হাজার ৭৪৮ ফিলিস্তিনি শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও জায়নবাদী রাষ্ট্রটির নারকীয় হত্যাযজ্ঞে ১ হাজার ৫৮ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৭ অক্টোবর) ফিলিস্তিনি শিক্ষাখাতে ইসরায়েলের হামলা ও লঙ্ঘন নিয়ে প্রকাশিত এক পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনে মন্ত্রণালয়টি জানায়, নিহতদের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মীরা রয়েছেন। এ সময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আটক করা হয়েছে অনেককে। একই সঙ্গে ধ্বংস হয়েছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজা উপত্যকায় ১৯ হাজার ১৮৯ জন স্কুল শিক্ষার্থী এবং ১ হাজার ৩৮৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ হাজার ৫৮৬ জন স্কুল শিক্ষার্থী ও ৩ হাজার ৮২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

প্রতিবেদন অনুযায়ী, স্কুল পর্যায়ের ৮০৫ জন শিক্ষা ও প্রশাসনিক কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ২৪৬ জন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ২৯৮ জন স্কুল কর্মী ও ১ হাজার ৪৯৩ জন বিশ্ববিদ্যালয় কর্মী।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ১৩৪ জন স্কুলশিক্ষার্থী ও ৩৯ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। গুলি ও অন্যান্য হামলায় আহত হয়েছেন ৮৭১ জন স্কুলশিক্ষার্থী ও ২৮৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ইসরায়েলি বাহিনী ৪১৬ জন স্কুলশিক্ষার্থী ও ৪৮১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে।

পশ্চিম তীরে স্কুলের সাতজন শিক্ষা ও প্রশাসনিক কর্মী নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি বাহিনী ১৭৬ জনের বেশি শিক্ষক ও স্কুলকর্মী এবং ২১ জন বিশ্ববিদ্যালয় কর্মীকে আটক করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

একই সময়ে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে হামলা তীব্র করেছে। এতে ১ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার ৩৫০ জন আহত এবং ২৪ হাজার ৬০০ জনের বেশি আটক হয়েছেন।