logo
Advertisement

ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল আরব আমিরাত

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন,মধ্যপ্রাচ্য ব্যুরো
ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে পতাকা। ছবি: সংগৃহীত

বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ ও আবাসন সংক্রান্ত ভিসানীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) ১৪ ও ৬০ দিনের এন্ট্রি ভিসার আওতায় আরও ছয়টি দেশের নাগরিককে আবেদনের সুযোগ দিয়েছে। ফলে এখন আরও বেশি ভ্রমণকারী সহজেই আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন।

Advertisement

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এই সুবিধার আওতায় এসেছেন। এর আগে এই সুবিধা কেবল নির্দিষ্ট যোগ্য ভারতীয় নাগরিকদের জন্য সীমিত ছিল।

আইসিপি জানিয়েছে, ১৪ দিনের ভিসা একবার নবায়নযোগ্য, তবে ৬০ দিনের ভিসাটি একক প্রবেশের এবং মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। নির্ধারিত সময়ের আগেই দেশ ছাড়তে হবে, অন্যথায় দৈনিক ৫০ দিরহাম জরিমানা গুনতে হবে। ১৪ দিনের ভিসার ফি ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসার ফি ২৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে ভিসার জন্য যোগ্য আবাসিক দেশের তালিকাও সম্প্রসারণ করা হয়েছে। আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বৈধ বাসিন্দারা এ সুবিধা পেতেন। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার বৈধ বাসিন্দারাও।

দুবাই ভ্রমণ আরও সহজ করতে সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা অনুমোদনের সময়সীমাও কমানো হয়েছে। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত পর্যটন সংস্থার মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিন মেয়াদের ট্যুরিস্ট ভিসা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন পাওয়া যাবে।

দুবাই কর্তৃপক্ষ সম্পত্তির ভিত্তিতে দুই বছর মেয়াদি আবাসিক ভিসা পাওয়ার শর্তও সংশোধন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, একক মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে আগের ন্যূনতম সাত লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তির একক মালিক হতে হবে। যদি সম্পত্তির একাধিক মালিক থাকেন, তাহলে প্রত্যেক বিনিয়োগকারীর মালিকানার অংশের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে, তবেই তারা আবাসিক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আঞ্চলিক আকাশসীমা বন্ধ ও বিমান চলাচল ব্যাহত হওয়ার কারণে অতিরিক্ত সময় অবস্থানের জরিমানা থেকে অব্যাহতি পাওয়া দর্শনার্থীদের জন্য অতিরিক্ত ৩০ দিন সময় দিয়েছে আইসিপি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু বিশেষ পরিস্থিতি শেষ হয়ে গেছে, তাই যোগ্য ব্যক্তিদের ৯ জুলাইয়ের আগে ভিসার অবস্থা সংশোধন করতে হবে অথবা আমিরাত ত্যাগ করতে হবে।

এদিকে চিকিৎসার উদ্দেশ্যে আসা বিদেশি রোগীদের জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে দুবাই সরকার। এ লক্ষ্যে জিডিআরএফএ-দুবাই এবং দুবাই হেলথ অথরিটি একটি সমঝোতা স্মারক সই করেছে, যার মাধ্যমে চিকিৎসা পর্যটকদের ভিসা, আবাসন ও স্বাস্থ্যসেবাকে সমন্বিত করে রোগীদের আগমনের আগে থেকে চিকিৎসা-পরবর্তী সেবা পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইবোলা ভাইরাসের বিস্তার রোধে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে আমিরাত কর্তৃপক্ষ।