লেবাননে যিশুর মূর্তি ভাঙল ইসরায়েলি সেনা, দায় স্বীকার

দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যুষিত গ্রাম দেবলে হাতুড়ি দিয়ে ক্রুশবিদ্ধ যিশুখ্রিস্টের মূর্তির মাথায় আঘাত করছে—এমন অভিযোগ উঠেছে এক ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২০ এপ্রিল) এই ছবির সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা ছবিতে থাকা ব্যক্তি নিজেদের সদস্য স্বীকার করে এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনাটি তাদের সেনাবাহিনীর নৈতিকতা ও মূল্যবোধের চরম পরিপন্থি। বর্তমানে দেশটির নর্দান কমান্ড এই ঘটনার তদন্ত করছে।
জড়িত সেনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সেনাবাহিনী আরও জানায়, তারা ক্ষতিগ্রস্ত মূর্তিটি সংস্কার ও পুনরায় স্থাপনে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়কে সব ধরণের সহায়তা প্রদান করবে।
The IDF is currently examining the reliability of the photograph.
If this is indeed a real, recent picture, these actions do not align with the IDF's values and the behavior expected of IDF soldiers.
The incident will be investigated thoroughly and in depth, and if… pic.twitter.com/xMTtEMp4dS
— LTC Nadav Shoshani (@LTC_Shoshani) April 19, 2026
ঘটনাটিকে গুরুতর ও অপমানজনক বলে অভিহিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। তিনি বলেন, ইসরায়েল সব ধর্মের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল। একজন সেনার এই হীন কাজ আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
লেবাননে চলমান সংঘাতের মধ্যে ধর্মীয় প্রতীকের ওপর এমন সরাসরি হামলা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় তুলেছে। বিশেষ করে খ্রিস্টান প্রধান দেশগুলোর পক্ষ থেকে চাপের মুখে পড়ে তড়িঘড়ি করে এই তদন্ত ও ক্ষমা প্রার্থনার পথে হাঁটল ইসরায়েল সরকার। বর্তমানে ওই সেনাকে সামরিক হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলি গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম তুর্কি টুডে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের প্রায় ৫৫টি শহর ও গ্রামে অবস্থান করছে। লিটানি নদীর দক্ষিণে একটি ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে পশ্চিমে নাকুরা থেকে শুরু করে শাকরা, আইতা আল-শাব, বিন্ট জাবিল এবং আদাইসেহ হয়ে উত্তর-পূর্বে খিয়াম পর্যন্ত বিস্তৃত। এই এলাকাগুলো ইসরায়েলি সামরিক অভিযানের সক্রিয় অঞ্চল হিসেবে চিহ্নিত।
সরকারি হিসাব অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ২ হাজার ২৯৪ জন নিহত ও ৭ হাজার ৫৪৪ জন আহত হয়েছেন। দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের প্রেসিডেন্ট আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের পর গত শুক্রবার মধ্যরাত থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাৎজ বলেছেন, দক্ষিণ লেবাননের দখল করা সমস্ত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার পরিকল্পনা করছে ইসরায়েল।