চলতি সপ্তাহে আবারও বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

নতুন করে বৈঠকে বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। রোববার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ওমান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি নিজের সামাজিকমাধ্যমের অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় আবারও বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।
তিনি জানান, ইরানের পরমাণু চুক্তি চূড়ান্ত করার জন্য যে বাড়তি উদ্যোগ নেওয়া দরকার, সেটার প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা আবারও শুরু হতে যাচ্ছে।
চলতি মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য ‘শান্তি চুক্তি’র জন্য কাজ করে যাচ্ছে। গত ৬ ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাসকাটে প্রথম দফা আলোচনার পর গত ১৭ ফেব্রুয়ারি জেনেভায় দ্বিতীয় দফায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছিল ইরান।
বৈঠক নিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, তাদের মূল দাবিগুলি মানতে ব্যর্থ ইরান। অর্থাৎ, তেহরান এখনই আমেরিকার শর্তে রাজি নয়।
যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে ভবিষ্যতের আলোচনার দিকনির্দেশনা সংক্রান্ত একটি সাধারণ সমঝোতা হয়েছে। কী সেই সমঝোতা, তা স্পষ্ট করেনি কোনও পক্ষই।
এবার তৃতীয় দফার আলোচনার ঘোষণা এলো।
তেহরান জানিয়েছে, আগামী ‘দুই-তিন’ দিনের মধ্যে নতুন পরমাণু চুক্তির জন্য তারা প্রস্তুত। তবে ওয়াশিংটন এখনও ‘জিরো এনরিচমেন্ট’ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের দাবিতে অটল রয়েছে।
এদিকে গত ২০ ফেব্রুয়ারি ফক্স নিউজ জানিয়েছিল, ১৯ ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ফেরাতে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘বোর্ড অব পিস’ সভায় ইরানকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি হামলার আগে সময় নেওয়ার কৌশল হতে পারে।