পশ্চিমবঙ্গসহ ভারতের ৩ রাজ্যে উপনির্বাচন

পশ্চিমবঙ্গসহ ভারতের ৩ রাজ্যের ৫টি বিধানসভা ও আসামের ১ একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন।
সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। নন্দীগ্রাম এবং রেজিনগর এই দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৬ তারিখ শেষ হবে নমিনেশন জমা করার প্রক্রিয়া। ১৯ তারিখ নমিনেশন প্রত্যাহারের শেষ দিন। ৬ অক্টোবর হবে ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর ভোট গণনা এবং ফল ঘোষণা করা হবে।
এর আগে ২০২৬ সালের বিধানসভা ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর, এই ২টি আসন থেকে লড়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি ওই দুই আসনেই জয় পান। পরে ভবানীপুরের বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন এবং ছেড়ে দেন নন্দীগ্রামের আসন।
একইভাবে নওদা ও রেজিনগর বিধানসভা থেকে একসঙ্গে জিতে আসার পর রেজিনগর বিধানসভা আসন থেকে রেজিগনেশন দিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবীর। ফলে নন্দীগ্রাম এবং নিজের রেজিনগর এই দুই কেন্দ্রেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে এই দুই কেন্দ্রের মধ্যে সবার নজর ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামের দিকে। কারণ এটি খোদ মুখ্যমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন। স্বভাবতই এই কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। ইতিমধ্যে একাধিক নাম নিয়েও শুরু হয়েছে চর্চা। যদিও বিজেপির দাবি, দল যাকেই প্রার্থী করবে তাকেই মেনে নেয়া হবে।
তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠী এখনও নিশ্চিত করেনি নন্দীগ্রামে তাদের প্রার্থী কে হবে বা বিজেপির বিরুদ্ধে তারা আদৌ কোনো প্রার্থী দেবে কিনা। মমতাপন্থি বা কালীঘাট তৃণমূলের কে প্রার্থী হবে তা নিয়ে এখনও কোনো নাম শোনা যাচ্ছে না। যদিও অখিল গিরিকে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর।
বেশ কিছু সংবাদ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার বিষয়টি জল্পনা হিসেবে সামনে নিয়ে এসেছে। উপনির্বাচনে জিততে পারলে মমতা আবারও ফিরতে পারে সংসদীয় রাজনীতিতে।
এদিকে তৃণমূল কংগ্রেসের আরেক গোষ্ঠী এনসিপিআই তারা আসন্ন পৌরসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা করছে। তবে ইতিমধ্যেই পুরোভোটে একলা চলার পক্ষে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সম্প্রতি বলেন, পশ্চিমবঙ্গ বিজেপির কোনো শরিক দল নেই। পশ্চিমবঙ্গ বিজেপি একা লড়ে ক্ষমতায় এসেছে এবং আগামী দিনে, বিশেষ করে কলকাতা পুরসভার নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপি একাই লড়বে। এটাই দলীয় অবস্থান। এমন অবস্থায় এনসিপিআই উপনির্বাচনের আলাদা করে প্রার্থী দেবে কিনা সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৬ তারিখ উপনির্বাচন অনুষ্ঠিত হবে ভারতের তিন রাজ্যের পাঁচ বিধানসভা আসনে।


