ইরানের বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্সের প্রধান নিহত, দাবি আইডিএফের

ইসরায়েলি হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) আধা-সামরিক বিাহিনীর বাসিজ ফোর্সের প্রধান গোলাম সোলেইমানি নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) রাতে এক হামলায় সোলেইমানি ছাড়াও ফোর্সটির ডেপুটি কমান্ডার ও অন্য শীর্ষ নেতারা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বাসিজ ফোর্সের স্থাপিত একটি তাঁবুতে সোলেইমানিক লক্ষ্যবস্তু করা হয়। মূলত সাম্প্রতিক আইআরজিসির আধা-সামরিক বাহিনীটির কয়েকটি সামরিক দপ্তরে হামলা পরবর্তী এই তাঁবুগুলো স্থাপন করা হয়।
সোমবার রাতে চালানো হামলায় বাসিজ ফোর্সের প্রধান ছাড়াও ডেপুটি কমান্ডার ও অন্যান্য শীর্ষ নেতারা নিহত হয়েছেন বলে দাবি করেছে আইডিএফ।
ইসরায়েলি বাহিনীর দাবি, সোলেইমানির মৃত্যু ইরানের সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি বড় ধরনের ধাক্কা।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ সহিংসভাবে দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বাসিজ ফোর্স ব্যাপকভাবে পরিচিত। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের মদদ ইরানে সরকারবিরোধী বিক্ষোভ কেঠোর হাতে দমন করেছে ফোর্সটি।
এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি ইসরায়েলের পৃথক হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলে কাৎজ। তবে এ বিষয়ে ইরান এখনও কোনো মন্তব্য করেনি।
লারিজানি ইরানের পার্লামেন্টের প্রাক্তন স্পিকার এবং ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচিত ব্যক্তিত্ব। এক সময় তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনায়ও নেতৃত্ব দিয়েছেন। গত শুক্রবার তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আল-কুদস দিবসের র্যালিতে প্রকাশ্যে উপস্থিত ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া টানা ১৭ দিন ধরা চলমান এ যুদ্ধে ইরানে প্রায় দেড় হাজার নাগরিক নিহত হয়েছেন।